ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মার্চ থেকে মে মাস পর্যন্ত দুই পর্বে দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। সারাদেশে পৌরসভা নির্বাচন শেষ করার পরই ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাত দিলো ইসি।
সাখাওয়াত জানান, এইচএসসি পরীক্ষার কারণে এপ্রিল মাসে নির্বাচন হবে না। মার্চ মাসে উপকূলীয় দুটি বিভাগে এবং চট্টগ্রামের কিছু অংশে নির্বাচন হবে। বাকি বিভাগগুলোতে নির্বাচন হবে মে মাসে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এ মাসেই ঘোষণা হতে পারে বলে তিনি জানান।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে সাখাওয়াত বলেন, অতীতে কখনো এ নির্বাচনে সেনাবাহিনী ছিলো না। এর আদৌ প্রয়োজন নেই।
দেশের ৪ হাজার ৫০৪ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪ হাজার ২২৮টির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। এরমধ্যে অন্তত অর্ধশত ইউনিয়ন পরিষদ রয়েছে যেখানে নানা আইনি জটিলতায় দেড়যুগ ধরে নির্বাচন করা যায় নি।
সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে চার হাজারের বেশি ইউনিয়নে নির্বাচন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৪১৪ ঘ.
bdnews24