২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী উপ-নির্বাচন: প্রার্থী জটিলতায় আ. লীগ

পৌর উপ-নির্বাচনে মেয়র পদে দলের সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা ছাড়াই শেষ হয়েছে এ উদ্দেশ্যে নরসিংদী আওয়ামী লীগের ডাকা সংবাদ সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

নরসিংদী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর উপ-নির্বাচনে মেয়র পদে দলের সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা ছাড়াই শেষ হয়েছে এ উদ্দেশ্যে নরসিংদী আওয়ামী লীগের ডাকা সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার বিকাল ৩টায় শহরের সদর রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মনোনয়ন বোর্ডের আহ্বায়ক এস এ হাদী জানান, মেয়র পদে একক প্রার্থীকে দলীয় সমর্থন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “তবে অনিবার্য কারণে আজ ঘোষণা করা সম্ভব হলো না,” যোগ করেন তিনি। আগামী ৩ জানুয়ারি বিকালে নরসিংদী পৌর মেয়র পদে একক প্রার্থীকে দলীয় সমর্থনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান এই আওয়ামী লীগ নেতা। গত ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহত হন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি ভোট গ্রহণ হবে। এদিকে নাম ঘোষণা না হওয়ায় লোকমানের ভাই জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও নরসিংদী সরকারি কলেজের ভিপি শামীম নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আমার ভাই কামরুজ্জামানকে মেয়র পদে দলীয় সমর্থন প্রদান করেছেন।” দলীয় মনোনয়ন বোর্ড প্রার্থী ঘোষণায় কালক্ষেপণ করলেও এতে ধৈর্য ধারণের জন্য কর্মীদের প্রতি তারা আহবান জানিয়েছেন বলে জানান শামীম। কামরুজ্জামান ছাড়া আওয়ামী লীগের অন্য প্রার্থীরা হলেন- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকা, সাবেক ফুটবলার ও আওয়ামী লীগ নেতা সুভাষ সাহা, সুইডেন শাখা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, আফজাল হোসেন ও অ্যাডভোকেট আরিফুল ইসলাম। নরসিংদী জেলা আওয়ামী লীগ সভাপতি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সোমবার (২৬ ডিসেম্বর) গণভবনে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরসিংদী আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, এস এ হাদী, নাসিরুল হক ভুইয়াসহ ১৪ জনের এক প্রতিনিধি দল দেখা করেন। ওই বৈঠক প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, “নেত্রী সেদিন বলেন, লোকমানের মা তার ছেলেকে মেয়র পদে সমর্থন দিয়েছে। তাই আমার আর এ ব্যাপারে কিছু বলার নাই।” দলের একাধিক নেতার প্রার্থিতায় জটিলতার বিষয়ে নির্দেশনা চাইলে নেত্রী প্রার্থী বাছাই কমিটিতে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন, বলেন আসাদুজ্জামান। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মনোনয়ন কমিটির সদস্য সচিব আব্দুল মতিন ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলের সমর্থিত প্রার্থী বাছাইয়ে ১৩ সদস্যের মনোনয়ন কমিটি একাধিকবার বৈঠক করে প্রার্থী বাছাই করতে ব্যর্থ হয়। এরপর দলীয় সভানেত্রীর শরণাপন্ন হয়। গত মঙ্গলবার আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “দলীয় সভানেত্রীর সিদ্ধান্ত অনুযায়ী লোকমানের ভাই কামরুজ্জামানকে উপনির্বাচনে মেয়র পদে দলের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই ঘোষণা করা হবে।” বিকালের সংবাদ সম্মেলনে দলের জেলা সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, সহসভাপতি জিএম তালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসিরুল হক ভুইয়াসহ বিভিন্ন উপজেলা নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০২৭ ঘ.