ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশ থেকে যুদ্ধাপরাধীদের খুঁজে বের করে তাদের ‘বন্দি’ করতে মহাজোটের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
বৃহস্পতিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে মহাজোটের সমাবেশে তিনি বলেন, “একজন যুদ্ধাপরাধী জীবিত থাকতে আমরা ঘরে ফিরে যাবো না- এটাই হোক আমাদের শপথ। আপনারা জেলায়, জেলায়, নগরীতে-নগরীতে এবং রাজপথে তাদের খুঁজেন বের করে বন্দি করুন।”
যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত এবং বিএনপি-জামায়াতে জোটের ‘ষড়যন্ত্র’ প্রতিহত করার আহ্বানে এই সমাবেশ থেকে আগামী ৭ জানুয়ারি প্রতিটি জেলায় এবং ১১ জানুয়ারি উপজেলায় মিছিল-সমাবেশের কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন মহাজোট।
সমাবেশে সংসদ উপনেতা সাজেদা যুদ্ধারাধীদের বিচার ত্বরান্বিত করা এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে উপস্থিত নেতাকর্মীদের শপথ পড়ান।
সাজেদা বলেন, “জয় বাংলা ধ্বনি দিয়ে স্বাধীনতা এনেছি, জয় বাংলা ধ্বনি দিয়েই রাজাকারদের বিচার করবো।”
তিনি বলেন, “রাজাকাররা এখনো ষড়যন্ত্র করছে। এখনো তারা বহু হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। এদের কর্মকাণ্ড আর সহ্য করা হবে না। এই (যুদ্ধাপরাধের) বিচার ত্বরান্বিত করার জন্যই আমরা এখানে হাজির হয়েছি।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষের অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।
যুদ্ধাপরাধের বিচার করার প্রত্যয় প্রকাশ করে রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করার নামে বিএনপি বোমা ও গ্রেনেড নিয়ে এসে মানুষ মেরেছে। আপনারা আমাদের বোমার ডর দ্যাহান? আমরা পাকিস্তানিদের কামানকেও ভয় পাইনি।”
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের লক্ষ্যে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
সমাবেশে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বক্তব্য দেন।
এই সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসেন মহাজোটের নেতাকর্মীরা।
সভার শুরুতেই প্রয়াত আওয়ামী নেতা আব্দুর রাজ্জাকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মহাজোট শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু সমাবেশে বলেন, “খালেদা জিয়ার ট্রাইব্যুনাল বাতিলের ঘোষণা রাজনীতির জন্য অশনি সঙ্কেত। যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা নিরাপদ নই।”
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অভিযোগ করেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচারে ‘বাধা’ সৃষ্টি করে দেশের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ করতে চাইছে।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুল হক চুন্নু বলেন, “আমি এরশাদের পক্ষ থেকে সমর্থন জানাচ্ছি। প্রধানমন্ত্রীকে অনুরোধ দ্রুত এই বিচার শেষ করুন।”
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হকও সমাবেশে বক্তব্য দেন।
মহাজোটের পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবিও যুগপৎভাবে এই দাবিতে বৃহস্পতিবার কর্মসূচি পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৯১০ ঘ.
bdnews24