২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি নিয়োগে আইন চায় সাম্যবাদী দল-ইসলামিক ফ্রন্ট

নতুন নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সংবিধান অনুযায়ী আইন করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 09:18 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সংবিধান অনুযায়ী আইন করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট। দুটি দলই বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর দরকার আছে বলে তারা মনে করে না। নির্বাচন কমিশন গঠন নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার বেলা ১১টায় সাম্যবাদী দল ও ১২টায় বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট নেতাদের সঙ্গে বসেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, সবার মতামত নিয়েই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে। বঙ্গভবনে এই সংলাপে সাম্যবাদী দলের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই। বর্তমান বাস্তবাতায় অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনকে যথাযথ মনে করি। এ জন্য শক্তিশালী ইসি গঠনের জন্য রাষ্ট্রপতিকে বলেছি।” “সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী একটি আইন প্রণয়নের সুপারিশ করেছি আমরা”, যোগ করেন তিনি। দিলীপ বড়–য়া বলেন, ওই আইনের অধীনে একটি ‘অনুসন্ধান কমিটি’ করে ইসি নিয়োগের প্রস্তাব দিয়েছে তার দল। পরে ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ আল মুজাদ্দেদীর নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, সংবিধান অনুযায়ী ইসি নিয়োগে তারাও সুপারিশ করেছে। একই সঙ্গে সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে সম্ভাব্য ১২ জন্যের একটি তালিকাও তারা রাষ্ট্রপতিকে দিয়েছে। এই তালিকায় বিচারপতি আবদুল ওয়াহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, পিএসসি চেয়ারম্যান এটিএম আহমেদুল হক চৌধুরী, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, কবি আল্লামা নুরুল আমিন, ইসির যুগ্ম সচিব জেসমীন টুলী, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক পিএসসি চেয়ারম্যান সা’দত হোসেন, অধ্যক্ষ আল্লামা বিরউদ্দিন সরকারের নাম রয়েছে বলে ইসলামিক ফ্রন্টের নোতারা জানান। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন। এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। এর আগে পর্যন্ত জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, জেপি ও এলডিপি’র সঙ্গে বসেছেন তিনি। বিরোধী দল বিএনপির সঙ্গে ১১ জানুয়ারি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে ১২ জানুয়ারি সংলাপে বসার কথা রয়েছে রাষ্ট্রপতির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৫১৪ ঘ.