ঢাকা, ডিসেম্বের ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া বলেছেন, চট্টগ্রাম থেকে সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “আগামী ৮ ও ৯ জানুয়ারি চট্টগ্রামে রোড মার্চ করব। সেখান থেকেই নতুন কর্মসূচি আমরা দেব।
“বিএনপি কোনো গুপ্ত কিংবা নিষিদ্ধ দল নয়। যে কর্মসূচি নেওয়া হবে, তা জনগণকে জানিয়েই আমরা করব।”
পাশাপাশি মামলা-নির্যাতন চালিয়ে আন্দোলন দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বড় দিন (২৫ ডিসেম্বর) উপলক্ষে গুলশান কার্যালয়ে খ্রিস্টান স¤প্রদায়ের সম্মানে এক শুভেচ্ছা অনুষ্ঠানে কথা বলছিলেন বিএনপি চেয়ারপার্সন।
তেঁজগাও চার্চের ফাদার পরিমল রোজারিওর নেতৃত্বে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের দুই শতাধিক সদস্য বিরোধীদলীয় নেতার সঙ্গে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন। পরে খালেদা জিয়া বড় দিনের কেকও কাটেন।
অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষক সেন্ট জোসেফ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আলবার্ট এ গোল্ডার তার লেখা একটি বই খালেদা জিয়াকে উপহার দেন।
বড়দিনের শুভেচ্ছা জানিয়ে খালেদা বলেন, “বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে খ্রিস্টান স¤প্রদায় থেকে সরকারে প্রতিনিধিত্ব রাখার বিষয়টি বিবেচনা করবে।”
বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর ‘ক্ষমতাসীন দলের নির্যাতন’ বিশেষ করে ‘গির্জা ও মন্দিরের সম্পত্তি দখলের’ কথাও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা।
দেশব্যাপী গুপ্ত হত্যার জন্য সরকারকে অভিযুক্ত করে খালেদা বলেন, “স্বাধীনতার পর তারা ৪০ হাজার রাজনৈতিক নেতা-কর্মী হত্যা করেছিলো। এবার ক্ষমতায় আসার পর আবারও তারা গুপ্ত হত্যা শুরু করেছে।
“আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, এসব গুপ্ত হত্যার অবশ্যই একদিন বিচার করা হবে। এই গুপ্ত হত্যার জন্য দেশের জনগণ একদিন আন্তর্জাতিক আদালতেও বিচার চাইতে পারে,” যোগ করেন তিনি।
বিএনপি তিন বছরে নয়টি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের সময়ে তারা [আওয়ামী লীগ] ১৭৩ দিন হরতাল করেছে। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে।”
গত ১৮ ডিসেম্বর রাজধানীতে বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশের আগে সংঘটিত ঘটনার জন্য সরকারকে দায়ী করে খালেদা জিয়া বলেন, “ওই সমাবেশ বানচাল করতে সরকার পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে আমাদের ওপর দোষ চাপিয়েছে।”
ওইদিন বিএনিপর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে আগতদের পুলিশ লাঠিপেটা করে বের করে দেওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ঘটে। এতে একজন মারা যায়। অন্তত আটটি গাড়িতে দেওয়া হয় আগুন।
একই দিন সিলেট ও সিরাজগঞ্জেও দুটি বাসে আগুন দেওয়া হয়। সিলেটে আগুনে মারা যায় এক বাসযাত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ, খালেদা জিয়ার উপদেষ্টা ওসমান ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব এলবার্ট পি কস্তা, সহসভাপতি ডিউ রোজারিও, প্রচার সম্পাদক অনিল লিও কস্তা প্রমুখ বক্তব্য দেন।
এছাড়া ১৮ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজকরা বুধবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ জানান।
এ সময় শাহজাহান ওমর বীরোত্তম, অবসরপ্রাপ্ত মেজর হাফিজুর রহমান, এম হামিদুল্লাহ খান, মশিউর রহমান, আবদুস সালাম, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, শফিউজ্জামান খোকন, শ্যামা ওবায়েদ, প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৪০ ঘ.
bdnews24