২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ পেলে সংসদেও ফিরব: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল সংলাপের মতো সংসদেও যেতে চায়, তবে সেজন্য ‘পরিবেশ’ সৃষ্টি করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 08:01 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বের ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল সংলাপের মতো সংসদেও যেতে চায়, তবে সেজন্য ‘পরিবেশ’ সৃষ্টি করতে হবে। বুধবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছি। পরিবেশ সৃষ্টি করা হলে সংসদ অধিবেশনেও আমরা যোগ দিতে চাই। কারণ আমরা কখনো বলিনি, সংসদ বর্জন করেছি, সংসদে ফিরে যাব না। কেবল অধিবেশনে যাচ্ছি না।” ৭৪ দিন বয়কটের পর গত ১৫ মার্চ সংসদের অষ্টম অধিবেশনে যোগ দিয়েছিলো বিএনপি। কিন্তু সংবিধান সংশোধনী প্রস্তাবগুলোর ওপর আলোচনার সুযোগ না দেওয়ায় তারা ওই অধিবেশনের শেষ দিন আবার সংসদ থেকে বেরিয়ে আসে। এরপর থেকেই তারা সংসদে অনুপস্থিত। এ প্রসঙ্গে ফখরুল বলেন, “আমাদের সংসদ সদস্যরা যতগুলো মুলতবি প্রস্তাব দিয়েছেন, এর কোনোটাই গ্রহণ করা হয়নি। সংসদে গিয়ে জনগণের কথা বলা যায় না। এজন্য সংসদের অধিবেশনে যাচ্ছি না।” সংসদের দ্বাদশ অধিবেশন বসার কথা রয়েছে আগামী জানুয়ারিতে। ভারপ্রাপ্ত মহাসচিব জানান, ৮ ও ৯ জানুয়ারি চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শেষে খালেদা জিয়া কোথায় জনসভা করবেন- তা এখনো ঠিক হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাঠের জন্য আবেদন জানানো হয়েছে। মাঠ পাওয়া না গেলে সংলাপে এর কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি ‘না ’ সূচক জবাব দেন। মির্জা ফখরুল বলেন, “রোডমার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি দিয়েছি। আশা করি, অতীতের মতো তারা সহযোগিতা করবেন।” নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আগামী ১১ জানুয়ারি প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে বসবেন। বিএনপি এরই মধ্যে জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি তুলে ধরতেই তারা সংলাপে যাবে। চার দলীয় ঐক্যজোটের স¤প্রসারণ হচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন, “চার দলের বৈঠকে তা চূড়ান্ত হবে। জোটের নাম পরিবর্তন হবে কিনা- তা চূড়ান্ত হয়নি।” শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের সময় অন্যদের মধ্যে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নতুন কমিটির সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, সাধারণ সম্পাদক মিলন মেহেদি, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন। চলতি মাসে মৎসজীবী দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে নতুন কমিটি অনুমোদন দেয় বিএনপি। ভারপ্রাপ্ত সচিব জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৩৫৫ ঘ.