ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না হলে শুধু ইসি নিয়োগ করে সমস্যার সমাধান হবে না বলে রাষ্ট্রপতিকে মত দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি।
নির্বাচন কমিশন গঠন নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গভবনে এলডিপি নেতাদের সঙ্গে বসেন। সভাপতি অলি আহমদের নেতৃত্বে দলটির ৯ সদস্যের প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেয়।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রপতি তাদের জানান, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সবার মতামত নিতেই এ সংলাপ।
সংলাপ শেষে বেলা ১২টায় অলি সাংবাদিকদের বলেন, বিরোধী দলের ওপর সরকার দমন-পীড়ন, নির্যাতন চালাচ্ছে। এ অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না করে শুধু ইসি নিয়োগ নিয়ে আলোচনা করে সমাধান আসবে না। বিষয়টি রাষ্ট্রপতির কাছে আমরা তুলে ধরেছি।”
সংলাপে সব দলের মতামতকে গুরুত্ব দেওয়ারও সুপারিশ করেন তিনি।
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন।
এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি।
ইসি নিয়োগ নিয়ে প্রতি পাঁচ বছর পর রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ সম্ভব হবে না উল্লেখ করে এলডিপি প্রধান বলেন, এ জন্যে স্থায়ী একটি আইন করে তার ভিত্তিতেই ইসি নিয়োগ করা যেতে পারে।
“আইন না হলে ইসিতে ফেরেস্তা নিয়োগ হলেও তা সুফল বয়ে আনবে না।”
এলডিপির পর বেলা ১২টা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খানের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শুরু করে।
এই সংলাপের আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রপতি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপিকেও ইতোমধ্যে আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপির সঙ্গে সংলাপ হবে ১১ জানুয়ারি, তার পরদিন আওয়ামী লীগের বক্তব্য শুনবেন জিল্লুর রহমান।
রাষ্ট্রপতির এই উদ্যোগে বিএনপির অংশগ্রহণ নিয়ে শুরুতে খানিকটা অস্পষ্টতা থাকলেও সোমবার রাতে চার দলীয় জোটের বৈঠকের পর বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারা রাষ্ট্রপতির সংলাপে যোগ দেবেন।
প্রথম দিন তিনি জাতীয় পার্টি (এরশাদ) ও জাসদের মতামত শোনেন। নতুন নির্বাচন কমিশন নিয়োগে সাংবিধানিক পদের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন এবং একটি বিধিমালা প্রণয়ন করে তা অনুসরণের প্রস্তাব দিয়েছে এই দল দুটি।
দ্বিতীয় দিনের সংলাপে রাষ্ট্রপতি বসেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় পার্টি- জেপির সঙ্গে। ওয়ার্কার্স পার্টি বলেছে, নতুন নির্বাচন কমিশন নিয়োগে সংবিধান অনুযায়ী একটি আইন করা উচিৎ। আর জেপি বলেছে, ইসি নিয়োগের বর্তমান পদ্ধতি অকার্যকর নয়; তবে নতুন আইন হলেও তাদের আপত্তি নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১২৪০ ঘ.
bdnews24