২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করলেন খালেদা

পুলিশি বাধায় দলের দুটি কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার পটভূমিতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি বাধায় দলের দুটি কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার পটভূমিতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। তার গুলশান কার্যালয়ে বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিট থেকে দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা এ বৈঠক শেষে সাংবাদিকদের কোনো ব্রিফ করা হয়নি। তবে বৈঠক শুরুর সময় খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় রয়েছে বৈঠকের আলোচ্যসূচিতে।” নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ এবং চার দলীয় জোটের স¤প্রসারণের মতো বিষয়গুলোও বৈঠকে আসতে পারে বলে এর আগে জানান স্থায়ী কমিটির একাধিক নেতা। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, এম মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উপস্থিত রয়েছেন। মুক্তিযোদ্ধা সমাবেশে পুলিশের হামলার অভিযোগে বিএনপি নেতাকর্মীরা গত ১৯ ডিসেম্বর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে পুলিশ বেষ্টনীর মধ্যে সংক্ষিপ্ত সমাবেশে ২১ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে বিএনপি কার্যালয়ের সামনে এই ‘গণমিছিল’ শুরুর কথা থাকলেও পুলিশ সকাল থেকেই বিএনপি কার্যালয় অবরুদ্ধ করে রাখে। সামনে বসানো হয় তিন স্তরের পুলিশ বেষ্টনী। বিকেলে ১৫-২০ জন নেতা পুলিশ বেষ্টনী ভেঙে মিছিল নিয়ে কার্যালয় থেকে বের হলেও ১০০ গজ দূরে গিয়ে পুলিশের বাধার মুখে সড়কে বসে পড়েন তারা। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে আবার দলীয় কার্যালয়ে ফিরে যান বিএনপি নোতার। এ ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার মৌলিক অধিকার হরণ করছে। তারা দেশটাকে পুলিশি রাষ্ট্র বানিয়েছে। এদিকে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে আসায় নতুন কমিশন গঠন নিয়ে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে বৃহস্পতিবার থেকে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। আইন অনুযায়ী রাষ্ট্রপতিই সাংবিধানিক ওই পদে নিয়োগ দেবেন। প্রধান বিরোধী দল বিএনপি ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে। তবে রাষ্ট্রপতির উদ্যোগ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখানো জানায়নি প্রধান বিরোধী দল। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩০৭ ঘ.