ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিল টিএন্ডটি কলোনিতে কুড়িয়ে পাওয়া বোমা নাড়াচাড়া করতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছে রুবেল (১৩) নামে এক পথশিশু। সেখান থেকে ১৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে টিএন্ডটি কলোনির একটি পরিত্যক্ত ভবনে কতোগুলো কৌটা দেখে কয়েকজন পথশিশু সেগুলো সংগ্রহ করতে গিয়ে নাড়াচাড়া করার সময় একটির বিস্ফোরণ ঘটে। এতে সামান্য আহত হয় রুবেল।
কমলাপুর রেলস্টেশন সংলগ্ন বস্তির বাসিন্দা রুবেল পরে থানায় এসে খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩টি তাজা বোমা উদ্ধার করে বলে জানান একই থানার উপপরিদর্শক গোলাম হাফিজ।
বোমাগুলো উদ্ধারের পর সেগুলো গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে বলে জানান তিনি।
ওসি তোফাজ্জল হোসেন বলেন, বুধবার বিএনপির ডাকা গণমিছিল কর্মসূচির আগ মুহূর্তে বোমা উদ্ধারের ঘটনায় বড় ধরনের নাশকতা এড়ানো গেছে।
এর আগে গত রোববার বিএনপি কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এছাড়া ঢাকায় বোমাবাজিতে নিহত হন এক জন। সোমবারও বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এরই মধ্যে সোমবার বিকেলে রাজধানীর শাখারীবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ আতশবাজি ও পটকা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. শামসুদ্দিন ওইদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, আতশবাজি ও পটকার সরঞ্জাম দিয়ে ককটেল, বোমাজাতীয় জিনিস বানিয়ে ছিনতাই ও আইনশৃঙ্খলাবিরোধী নানাকাজে ব্যবহার করা হচ্ছে। এ কারণে সোমবার অভিযান চালিয়ে এসব জিনিস জব্দ করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/আরএ/১৭৪৮ ঘ.
bdnews24