জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগ নিয়ে বৈঠকের পর ডেপুটি রেজিস্ট্রারসহ তিন কর্মকর্তাকে ছাত্রলীগকর্মীরা লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে ছাত্রলীগ নেতাদের সঙ্গে উপাচার্যের আলোচনা হয় তার কক্ষে।
আলোচনার এক পর্যায়ে উপাচার্যের সঙ্গে কথা কাটাকাটি হলে ছাত্রলীগ নেতারা বের হয়ে আসেন।
উপাচার্যের ব্যক্তিগত সচিব জাহিদ আলম ও তার ব্যক্তিগত সহকারী আব্দুল গাফফার এবং ডেপুটি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, ছাত্রলীগ নেতারা উপাচার্যের কক্ষ থেকে বের হয়ে তাদের মারধর করেছেন।
ডেপুটি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের একদল নেতাকর্মী আমার কক্ষে ঢুকে মারাধর করে এবং আমাকে অফিস থেকে বের হয়ে যেতে বলে।
“আমি দৌড়ে ভিসি স্যারের দপ্তরে চলে যাই।”
উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদের সঙ্গে যেগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
এদিকে অভিযোগ আস্বীকার করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ ও প্রথম যুগ্ম আহ্বায়ক নিজামউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতপন্থি এ তিন কর্মকর্তা উপাচার্যকে ভুল বুঝিয়ে শিবির ক্যাডারদের ছাত্রলীগ সাজিয়ে বিশ^বিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪২ ঘ.
bdnews24