২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয়ের সামনে দু’দফা বিস্ফোরণ

আগের দিনের মতো সোমবারও বিএনপি কার্যালয়ের সামনে দুই দফায় ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণ ঘটেছে বিজয় নগরেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের মতো সোমবারও বিএনপি কার্যালয়ের সামনে দুই দফায় ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণ ঘটেছে বিজয় নগরেও। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার সময় বিকট শব্দে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের বিপরীত দিকে সড়কে। এতে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে বিকাল ৫টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যেই জোনাকি সিনেমা হলের সামনে বিকট শব্দে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। তার কিছু সময় আগেই পুলিশের ঘেরাওয়ের মধ্যে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতারা। সমাবেশ শেষে নেতারা উঠে যাওয়ার কিছু সময় পর হাতবোমা দুটির বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। সন্ধ্যার বিস্ফোরণের সময় বিএনপি কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের উপস্থিতি তেমন ছিলো না। বিকালে সমাবেশ শেষ হওয়ার পর পুলিশও ছিলো কম। বিকালে বিস্ফোরণের পরপরই পুলিশ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিএনপির কর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। বিজয় নগর হোটল একাত্তরের সামনে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে বিকাল ৫টার দিকে। পুলিশের ধারণা, বিএনপির সমাবেশে অংশগ্রহণকারীরা ফেরার পথে ওই বিস্ফোরণ ঘটায়। রোববার ঢাকার বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে আরটিভির এক গাড়িচালক আহত হন। রোববার বিএনপি কার্যালয় ছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি হয়। এতে এক জন নিহত এবং কয়েকজন আহত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বিরোধী দলীয় কর্মীরা নাশকতা সৃষ্টির প্রয়াসেই এই বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে। তবে বিএনপি বলছে, বিরোধী দলের কর্মসূচি বানচালের লক্ষ্যে সরকারের মদদেই এ বিস্ফোরণ ঘটানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসআইটি/এলএইচ/এমআই/১৭২২ ঘ.