চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ ‘বাঁচানোর’ আন্দোলনে একমঞ্চে একসঙ্গে উঠলেন চট্টগ্রাম মহানগর বিএনপির বিবদমান তিন নেতা আব্দুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ডা. শাহাদাত হোসেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-পানি-বিদ্যুৎ সঙ্কট সমাধানে সরকারের ব্যর্থতা, শেয়ারবাজারে হাজার কোটি টাকা লুট, সন্ত্রাস, গুপ্তহত্যাসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে রোববার সকালে নগরীর নাসিমন ভবনের সামনের ফুটপাতে বাংলাদেশ বাঁচাও আন্দোলন, চট্টগ্রামের ব্যানারে নগর বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এতে এক মঞ্চে আসেন নগর বিএনপির রাজনীতিতে একে অন্যের বিরোধী হিসেবে পরিচিত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নোমান, নগর কমিটির সভাপতি আমীর খসরু ও সাধারণ সম্পাদক শাহাদাত।
মঞ্চে সাবেকমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারও ছিলেন।
চট্টগ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সরকারবিরোধী আন্দোলনে দীর্ঘ দিন এই নেতাদের একত্রে দেখা যায়নি।
জানুয়ারিতে চট্টগ্রামে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রোডমার্চকে সামনে রেখে নেতাকর্মীদের উজ্জীবিত করতে কেন্দ্রের নির্দেশে বিভক্ত নেতাদের ঐক্যবদ্ধ কর্মসূচি বলে জানা গেছে।
নগর বিএনপি’র সম্মেলনে সংঘর্ষের পর নোমান ও খসরু সমর্থক নেতাকর্মীরা ‘নগর বিএনপি’র ব্যানারে পৃথক দলীয় কর্মসূচি পালন করে আসছে।
এছাড়া সম্প্রতি যুবদলের কমিটি গঠন ও পরে বাতিল করা নিয়ে সভাপতি খসরুর সঙ্গে সাধারণ সম্পাদক ডা. শাহাদাতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং একে অপরকে দায়ী করে বিবৃতি ও বক্তব্য দেন সংবাদ মাধ্যমে। পরে কেন্দ্রের হস্তক্ষেপে দুইজনের বিরোধ সাময়িকভাবে নিরসন হয়।
নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলের কেন্দ্রীয় কর্মসূচি দেশ বাঁচাও আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি। বিকাল পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বিবদমান নেতাদের ঐক্যবদ্ধ কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি ইতিবাচক।”
সমাবেশ চলাকালে নাসিমন ভবনের সামনের সড়কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিলে নুর আহম্মদ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএ/১৬০২ ঘ.
bdnews24