ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে।
যুদ্ধাপরাধ তদন্ত সংস্থার প্রতিবেদন রোববার প্রসিকিউশন বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেয়।
অভিযোগ আমলে নেওয়া হবে কি না, তার শুনানির জন্য আগামী ২৮ ডিসেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনালের তিন বিচারক।
জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের অভিযোগ আমলে নেওয়ার শুনানির জন্য রোববার দিন ঠিক ছিলো।
তবে এই শুনানিও ২৮ ডিসেম্বর হবে বলে ট্রাইব্যুনাল জানিয়েছে।
নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা ও কামারুজ্জামানের পাশাপাশি দলটির নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকেও রোববার পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ চলছে। ট্রাইব্যুনালে এ পর্যন্ত তার বিচারই শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১১৩২ ঘ.
bdnews24