ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষা এবং দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত গুপ্তহত্যাসহ নানা অপকর্মে লিপ্ত।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, “শুধু যুদ্ধাপরাধীদের রক্ষাই নয়, দেশকে অস্থিতিশীল করতে গুপ্ত খুন, হত্যাসহ নানা অপকর্মে লিপ্ত বিএনপি-জামায়াত জোট।”
“নিজেরা খুনও করবে, অশ্র“ও ঝরাবে-এটাই তাদের চরিত্র।”
সাম্প্রতিক সময়ে দেশে ‘অপহৃত’ বা ‘নিখোঁজ’ ব্যক্তিদের মৃত অবস্থায় পাওয়ার ঘটনা ঘটছে। এ ধরনের হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে আসছে।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায় তাদেরও বিচার করার কথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষের শক্তিকে এ ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, “আর যেন কোনো রাজাকার-আলবদর দেশের রাষ্ট্রক্ষমতায় এসে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
“আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার ও রায় কার্যকর করেছি। যুদ্ধাপরাধীদের বিচারও ইনশাল্লাহ বাংলার মাটিতে হবেই হবে।”
বিজয়ের ৪০ বছরেও বাংলাদেশ কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারেনি মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “কেন ৪০ বছরেও কাক্সিক্ষত অর্জন সম্ভব হয়নি তার জবাব স্বাধীনতার পর ২৮ বছর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন- সেই জিয়া, এরশাদ ও খালেদা জিয়াকে দিতে হবে।”
“এই ২৮ বছরে দেশের মানুষ কী পেয়েছে, আর তারা কিভাবে আঙুল ফুলে কলাগাছ হয়েছে তা মানুষ জানতে চায়।”
বিএনপি চেয়ারসপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “যিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে আন্দোলন, হরতাল এবং লং মার্চ করছেন, যিনি যুদ্ধাপরাধীদের হাতে বাংলাদেশের পতাকা দিয়েছেন তার কাছে এর বেশি আর কী আশা করা যায়!”
যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির এক নেতাসহ ওই দলটির নেতৃত্বাধীন জোটের শরীক জামায়াতে ইসলামীর পাঁচ নেতা আটক রয়েছেন।
যশোরের বিএনপি নেতা খুন হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “গুপ্ত খুন, হত্যা, ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বিএনপি।”
আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
স¤প্রতি দেশে আইন-শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাবের পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে, যাদের লাশ পরে ‘উদ্ধার’ করা হয়েছে বিভিন্ন স্থান থেকে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গুপ্তহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।
মানবাধিকার সংগঠন অধিকার’র হিসেবে, গত এক মাসে ২৭ জন নিখোঁজ হয়েছে। এদের কয়েক জনের লাশ পরে পাওয়া যায়, যার মধ্যে বিরোধী দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদলের এক নেতাও রয়েছেন।
সর্বশেষ যশোরের বিএনপি নেতা নাজমুল ইসলাম ঢাকা থেকে ‘অপহৃত’ হওয়ার পর তার লাশ পাওয়া যায় গাজীপুরে। এছাড়া গত সপ্তাহে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অন্তত সাতটি লাশ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২১৫১ ঘ.
bdnews24