২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় গেলে গুপ্তহত্যার বিচার হবে: খোকা

বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে গুপ্তহত্যার বিচার করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে গুপ্তহত্যার বিচার করা হবে। শনিবার সন্ধ্যায় বিএনপির ঢাকা মহানগর কমিটির যৌথসভায় তিনি বলেন, “দেশে ৭২-৭৫ সালের মতো গুপ্তহত্যার মাধ্যমে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। এভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে মানুষ গুম করে দেশের স্বাধীনতাকে মাটির সঙ্গে মিশে ফেলার ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।” পাশাপাশি মহানগরকে তৃণমূল পর্যায় থেকে আন্দোলনের জন্য প্রস্তুত করার নির্দেশ দেন মহানগর বিএনপির আহ্বায়ক ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। নয়া পল্টনে মহানগর কার্যালয়ে এই যৌথসভা হয়। গত ৪ ডিসেম্বর ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তির প্রতিবাদে পুরান ঢাকা থেকে পুলিশের সহায়তায় বাসায় পৌঁছানোর পর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন খোকা। এর পর এই প্রথম সাদেক খোকা মহানগর কার্যালয়ে এলেন। নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে যৌথসভায় যোগ দেন। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সোমবার রাজধানীতে বিজয় শোভাযাত্রা সফল করার বিষয় নিয়ে যৌথসভায় আলোচনা হয়। খোকার সভাপতিত্বে এই সভায় মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। স¤প্রতি দেশে আইন-শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র‌্যাবের পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে, যাদের লাশ পরে ‘উদ্ধার’ করা হয়েছে বিভিন্ন স্থান থেকে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গুপ্তহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। দেশে এ ধরনের হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে আসছে। মানবাধিকার সংগঠন অধিকার’র হিসেবে, গত এক মাসে ২৭ জন নিখোঁজ হয়েছে। এদের কয়েক জনের লাশ পরে পাওয়া যায়, যার মধ্যে বিরোধী দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদলের এক নেতাও রয়েছেন। সর্বশেষ যশোরের বিএনপি নেতা নাজমুল ইসলাম ঢাকা থেকে ‘অপহৃত’ হওয়ার পর তার লাশ পাওয়া যায় গাজীপুরে। এছাড়া গত সপ্তাহে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অন্তত সাতটি লাশ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯১৯ ঘ.