২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পরিষদ প্রশাসক: সুনামগঞ্জে বিক্ষোভ আ’লীগের

সুনামগঞ্জ জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক এনামুল কবীর ইমনের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

সুনামগঞ্জ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক এনামুল কবীর ইমনের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। শনিবার দুপুরে তারা বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটকে নিয়োগের দাবি জানায়। বৃহস্পতিবার অন্যান্য জেলার মতো সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক পদে নিয়োগ পান জেলা যুবলীগের আহ্বায়ক ও সংগঠনটির কেন্দ্রীয় সদস্য এনামুল কবীর ইমন। দুপুরে আওয়ামী লীগের সাত থেকে আটশ’ নেতাকর্মী শহরে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশ করে। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়। সমাবেশে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক করুণা সিন্ধু বাবুল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কমল কান্তিসহ স্থানীয় নেতারা বক্তৃতা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসকদের নাম অনুমোদন করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এরপর ৬১টি জেলা পরিষদে আওয়ামী লীগ নেতাদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমএইচপি/ডিডি/১৮৪১ ঘ.