২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐকমত্যের ভিত্তিতে ইসি গঠনের দাবি বিএনপির

বিরোধী দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে এক আলোচনা সভায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা। ওই ধরনের সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আর নতুন ইসি গঠন করতে হলে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে তা করতে হবে।” এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ পুরো হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ইতোমধ্যে জানিয়েছেন, নতুন নির্বাচন কমিশনের অধিনেই বিভক্ত ঢাকা সিটি কর্পোরশনের নির্বাচন হবে। জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “পঁচাত্তরের একদলীয় বাকশাল পদ্ধতির গভর্নর নিয়োগে মতো বর্তমান সরকারও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে। গভর্নর ও প্রশাসক- এ দুইয়ের মধ্যে সাদৃশ্য রয়েছে বলে আমরা মনে করি।” সরকার ১৫ ডিসেম্বর রাতে দেশের ৬১টি জেলা পরিষদে আওয়ামী লীগ নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসকদের নাম অনুমোদন করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। বিএনপি বলছে, জেলা পরিষদে এভাবে অনির্বাচিত প্রশাসক নিয়োগ অসাংবিধানিক। মির্জা ফখরুল বলেন, “স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশে ব্যাপক লুটপাট চালায়। তা সামাল দিতে ওই সময়ে একদলীয় বাকশাল পদ্ধতি প্রতিষ্ঠা করা হয়েছিলো। এভাবেই তারা নিজেদের ব্যর্থতা আড়ালের চেষ্টা চালিয়েছিলো।” আর বর্তমান সরকার বিরোধী দলের আন্দোলন বন্ধের জন্য ‘গুপ্ত হত্যার’ পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। “১৯৭২-৭৫ সালে রক্ষীবাহিনীসহ অন্যান্য সংস্থা মানুষজনকে ধরে নিয়ে হত্যা করে লাশ পানিতে ফেলে দিতো। এখন র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মানুষজনকে ধরে নিয়ে যাচ্ছে। গাজীপুর, আশুলিয়ায় নদী কিংবা খালে লাশ পাওয়া যাচ্ছে। পুশিলকে জানালে তারা বলছেন, কিছুই জানেন না।” এ অবস্থা থেকে উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েন-ড্যাবের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এসো বিজয়ের কথা শুনি শীর্ষক এই আলোচনা সভায় ড্যাব সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, দলের মহানগর সদস্য সচিব আবদুস সালাম, ইসমাইল হোসেন বেঙ্গল, অধ্যপক আবদুল মবিন খান, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক গাজী আবদুল হক, অধ্যাপক মিজানুর রহমান ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬১৯ ঘ.