২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী মেয়র পদে লড়বেন লোকমানের ভাই কামরুজ্জামান

নরসিংদী পৌর মেয়রের শূন্য পদে নির্বাচিত হতে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন নিহত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই মো. কামরুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 10:46 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

নরসিংদী, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌর মেয়রের শূন্য পদে নির্বাচিত হতে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন নিহত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই মো. কামরুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে লোকমানের বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাদের মা মোসাম্মৎ মাজেদা বেগম। তিনি বলেন, “নরসিংদীর সর্বস্তরের মানুষ আমার ও আমার পরিবারের কাছে দাবি রেখেছে যে, লোকমানের পরিবার থেকেই তারা একজনকে মেয়র হিসেবে দেখতে চায়।” “আমি নরসিংদী পৌরবাসীর আশা-আকাক্সক্ষা এবং তাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে পরিবারের সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি, মেয়র পদে আমার দ্বিতীয় ছেলে কামরুজ্জামান নির্বাচনে অংশগ্রহণ করবে”, বলেন মাজেদা বেগম। নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, আগামী ১৯ জানুয়ারি এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। সংবাদ সম্মেলনে মায়ের মুখে নিজের নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামান। আবেগরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেনো আমার ভাইয়ের লক্ষ্য ও স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি।” গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র লোকমান। কামরুজ্জামান এ ঘটনায় টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এ মামলায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার হলেও তাদের মধ্যে এজাহারভুক্ত আসামি একজনই। তিনি হলেন নরসিংদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন সরকার। নরসিংদী শহর আওয়ামী লীগের নেতা লোকমান ২০০৪ সালে প্রথম দফা মেয়র নির্বাচিত হন। এরপর ২০১১ সালে তাকে দ্বিতীয় দফায় নির্বাচিত করে নরসিংদী পৌরবাসী। কামরুজ্জামান বলেন, “আমি যদি নির্বাচিত হই এবং আমার ভাইয়ের আদর্শ থেকে সরে যাই, তবে আপনারা আমাকে শাস্তি দেবেন। পৌর চেয়ার থেকে নামিয়ে রাস্তায় এনে বিচার করবেন।” লোকমানের স্ত্রী তামান্না নুসরাত বুবলী বলেন, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কামরুজ্জামানকে মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মেয়র লোকমানের অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ দিতে দেবরের পক্ষে সবার সমর্থন চান তিনি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, নরসিংদীর পৌর মেয়র নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করা যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত। সেগুলো বাছাই হবে ২৭ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৪ জানুয়ারি পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬৩৯ ঘ.