২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবেক বিশ্লেষণ করে মাঠে নামুন: আশরাফ

দলীয় নেতা-কর্মীদের ‘নিজের বিবেক’ বিশ্লেষণ করে ‘আরাম-আয়েশ’ বাদ দিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় নেতা-কর্মীদের ‘নিজের বিবেক’ বিশ্লেষণ করে ‘আরাম-আয়েশ’ বাদ দিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার তিনি বলেন, “ক্ষমতায় এলে অনেকে আরাম-আয়েশে অলস হয়ে পড়ি। নিজেদের আখের গুছানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি। বেশিরভাগ সময় নিজের ভাগ্যন্নোয়নের চেষ্টা করি।” তা না করে “নিজের বিবেক বিশ্লেষণ করতে এবং আরাম-আয়েশ ত্যাগ করে মাঠে নামতে” দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান আশরাফ। বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ। “হেলাফেলা ও অলসতার কারণে বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি আমরা”- এ মন্তব্য করে আশরাফ বলেন, “আর যেন ভুলের পুনরাবৃত্তি না ঘটে সে দিকে নজর রাখতে হবে।” আন্তঃবিভেদ ভুলে যুদ্ধাপরাধীদের বিচারে দলীয় সভানেত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। স্বাধীনতার ৪০ বছরে এসে সৈয়দ আশরাফ বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের শেষ সুযোগ এবার। যারা মুক্তিযুদ্ধ করেছেন, প্রত্যক্ষ সাক্ষী তাদের বয়স হয়েছে; যুদ্ধাপরাধীদেরও বয়স হয়েছে। আবার যদি সুযোগ না আসে এদের কেউ বেঁচে থাকবে না, বিচারও সম্ভব হবে না।” সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেকে/পিডি/২১৩৩