ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামির নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার ট্রাইব্যুনালে সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম প্রসিকিউশনের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদারকে জেরা করেন।
সকাল ১১টার পর সাকার ছয়টি আবেদনের শুনানি শেষ হলে মাহবুবুল আলমকে জেরা হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বেলা ৩টা পর্যন্ত জেরা চলে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে তাকে আবার জেরা করবে আসামি পক্ষের আইনজীবীরা।
জেরার মাঝে বেশ কয়েকবার প্রসিকিউশন ও সাঈদীর পক্ষের আইনজীবীরা বিতর্কে জড়িয়ে পড়েন।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুটসহ মানবতাবিরোধী ২০টি অপরাধে জামায়াতে ইসলামির নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াত ও বিএনপি নেতাদের মধ্যে সবার আগে তার বিচার শুরু হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন সাবেক সংসদ সদস্য সাঈদীকে গ্রেপ্তার করা হয়। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
বর্তমানে তার বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/২২২৫ ঘ.
bdnews24