ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আবেদনে এতিমখানা দুর্নীতি মামলায় একটি রিট আবেদনের শুনানির জন্য বেঞ্চ পরিবর্তন করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
খন্দকার মুসা খালেদের নেতৃত্বাধীন বেঞ্চকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে খালেদার মামলা বাতিলের আবেদনের বিষয়ক রুলের নিষ্পত্তি করতে বলা হয়েছে।
আদেশে আদালত বলেছে, এ সময়ের মধ্যে কোনো পক্ষ শুনানি মুলতবির আবেদন করতে পারবে না।
আদেশের সময় খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদকে লক্ষ্য করে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, “আমরা চাই না আপনারা এ ধরনের আবেদন নিয়ে আসেন। আমরা এ ধরনের আবেদনকে উৎসাহিত করতে চাই না। এ ধরনের আবেদন নজির হিসেবে ব্যবহৃত হোক, তাও আমরা চাই না।”
এর আগে সকালে খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি হয়। খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার মওদুদ শুনানিতে অংশ নেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
আদেশের পর খালেদা জিয়ার আরেক আইনজীবী মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, “এখন বিচার ব্যবস্থা এমন পর্যায়ে গেছে যে খালেদা জিয়াকেও হাইকোর্ট বেঞ্চের প্রতি অনাস্থা দিতে হচ্ছে।”
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় দায়ের করা এ মামলায় খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ সাত জনকে আসামি করা হয়।
খালেদা ও তারেকের আবেদনে ২০০৯ সালের ১৫ অক্টোবর হাইকোর্টের একটি আদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি কেন বাতিল হবে না, তা সরকার ও দুর্নীতি দমন কমিশনের কাছে জানতে চাওয়া হয়।
হাইকোর্টের দেওয়া এই আদেশ নিষ্পত্তি করতে গত অক্টোবরের শেষ সপ্তাহে কমিশনের কৌঁসুলি খুরশীদ আলম খান একটি আবেদন করেন। তিনি বলেন, হাইকোর্টের আদেশের কারণে অধস্তন আদালতে মামলাটির বিচার কাজ শুরু হচ্ছে না।
গত ৩০ নভেম্বর ওই আদেশের শুনানিতে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়ে একটি লিখিত আবেদন দেন খালেদার আইনজীবীরা। আদালত শুনানি শেষে ওই দিনই আবেদনটি খারিজ করে দেয়।
খারিজের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে যান খালেদার আইনজীবীরা। চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তা শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। এর আগে ২০০৮ সালের ২৬ আগস্ট খালেদাকে এ মামলায় অন্তর্র্বতীকালীন জামিন দেয় হাইকোর্ট। ২০০৯ সালের ২ আগস্ট আপিল বিভাগ তার জামিন বহাল রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/এমআই/২০৪৩ ঘ.
bdnews24