২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমকে গ্রেপ্তারের আবেদন

জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের ৫২ দফা অভিযোগ উপস্থাপন করে তাকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 09:42 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের ৫২ দফা অভিযোগ উপস্থাপন করে তাকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু সোমবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেন। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তা রেজিস্ট্রারের কাছে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিলে গ্রেপ্তারের আদেশের বিষয়েও শুনানি হবে।” প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু পরে সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিন পর দেশবাসীর আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে আমরা অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেছি। এতে প্রক্রিয়ামতো গ্রেপ্তারি পরোয়া জারি করার কথা বলা হয়েছে। সেটা সমন হোক আর ওয়ারেন্টই হোক।” তদন্ত সংস্থা গোলাম আযমের বিষয়ে যে প্রতিবেদন দিয়েছে তাতে ৫২টি ঘটনায় ১০০টির বেশি অপরাধের সঙ্গে এই জামায়াত নেতার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি। “তদন্ত সংস্থার প্রতিবেদন আমরা সুবিন্যস্তভাবে আদালতে উপস্থাপন করেছি”, বলেন প্রধান প্রসিকিউটর। প্রতিবেদনের তথ্য উল্লেখ করে প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, “১৯৭০ এর নির্বাচানের আগে থেকেই পাকিস্তানের সামরিক জান্তার সঙ্গে গোলাম আযমের যোগাযোগ ছিলো। নির্বাচনের পরও এই যোগাযোগ অব্যাহত ছিলো। ওই অবস্থায় ১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চ লাইট শুরু হয়। পাকিস্তানী সামরিক জান্তা এ অভিযানের মাধ্যমে নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালাতে থাকে।” তিনি বলেন, অপারেশন সার্চ লাইট শুরুর তিন দিনের মাথায় খাজা খায়রুদ্দিনকে আহ্বায়ক করে ১৪০ সদস্যের শান্তি কমিটি হয়। এর দৈনন্দিন কাজ তদারক করতে ৬ সদস্যের একটি কমিটি করা হয়। এই কমিটিতে ২ নম্বরে ছিলো গোলাম আযমের নাম। “তার নেতৃত্বে পাকিস্তানী শাসকগোষ্ঠীর সঙ্গে যোগসাজশে এবং চক্রান্তে নানা জায়গায় শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস, পাইওনিয়ার ফোর্স, মুজাহিদ বাহিনী গঠন করা হয়। তিনি শুধু গঠন করেন নাই, প্রশিক্ষণ শিবির ও কুচকাওয়াজ পরিদর্শন করে সালাম নিয়েছেন।” এসব সংগঠনকে অস্ত্র সরবরাহ করা এবং এ বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুপারিশ করার দায়িত্ব গোলাম আযমই পালন করতেন। জামায়াতে ইসলামী, তাদের ছাত্র সংগঠন ছাত্র সংঘ এবং জমিয়তে তালাবায়ে আরাবিয়ার মাধ্যমে এসব বাহিনীতে লোক নিয়োগ করা হতো। রানা বলেন, “অপারেশন সার্চ লাইট শুরুর চারদিন পরই তারা এর সঙ্গে সংহতি প্রকাশ করে বিবৃতি দেন। তারা বলেন, এই অভিযান সঠিক ছিলো। এই অভিযান না হলে পাকিস্তান খণ্ড বিখণ্ড হয়ে যেতো।” “মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী ও তাদের সহযোগী বাহিনীর মাধ্যমে যা কিছু পরিচালিত হয়েছে, তার সব কিছুই হয়েছে গোলাম আযমের মূল নেতৃত্বে। সব ঘটনার জন্য বস্তুত তিনিই দায়ী। অভিযোগ গঠনের এই উপাদানগুলো আমরা তদন্ত সংস্থার প্রতিবেদন থেকে পেয়েছি”, যোগ করেন প্রসিকিউটর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রানা দাশগুপ্ত বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ঈদের দিন গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেল থেকে ৩৮ জনকে এনে কৈরতলা এলাকায় হত্যা করা হয়। এ ঘটনায় সঙ্গে গোলাম আযম সম্পৃক্ত ছিলেন। ৪০ বছর আগের সেই ঘটনা নিয়ে ৩৬০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে তদন্ত সংস্থা ৪০ জনকে সাক্ষী করেছে। ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে চারশোরও বেশি নথিপত্র। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রকাশ্যে তদবির চালান। ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামাত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি। যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের মামলা চলছে। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণও শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৪৩৬ ঘ.