সায়েদুল ইসলাম তালাত
লংমার্চের গাড়িবহর থেকে
সিলেট, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধের বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতের কাছে দৃঢ়তার সঙ্গে তুলে ধরতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন এইচ এম এরশাদ।
ঢাকা থেকে লংমার্চ করে জকিগঞ্জে পৌঁছে সেখানে এক জনসভায় তিনি এ আহ্বান জানান।
এরশাদ বলেন, “প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, ভারতের সঙ্গে শক্তভাবে আলোচনা করুন। বলুন, এই বাঁধ আমরা হতে দেবো না। প্রমাণ করুন, আমরা দুর্বল নই।”
লংমার্চের শেষ জনসভায় এরশাদ ঘোষণা করেন, “টিপাইমুখ আন্দোলন এখানে শেষ নয়, শুরু হলো। আমরা সবখানে যাব, সরকারের প্রতারণার কথা তুলে ধরব।”
শনিবার ঢাকা থেকে রওনা হয়ে রাতে সিলেটে থেকে রোববার সকাল সাড়ে ১০টায় সিলেট আলিয়া মাদ্রাসা থেকে দ্বিতীয় দিনের লংমার্চ শুরু করেন এরশাদ। এর আগে হজরত শাহজালালের মাজার জিয়ারত করেন তিনি।
৯২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুপুর ২টায় জকিগঞ্জ পৌঁছান এরশাদ। পথে গোলাপগঞ্জ ও চারখাই বাজারে দুটি জনসভায় বক্তব্য দেন।
জকিগঞ্জের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভাটি দুপুর আড়াইটা নাগাদ শুরু হয়। এরশাদ সেখানে বিকাল ৪টা নাগাদ বক্তব্য দিতে শুরু করেন।
এই জনসভা মঞ্চের ৫০ মিটার দূরে কুশিয়ারা নদী। এর একপাশে বাংলাদেশ, অপরপারে ভারতের মনিপুর রাজ্য।
ভারতের মনিপুর রাজ্যে বরাক নদীর টিপাইমুখ এলাকায় বাঁধ নির্মাণ করে জলবিদ্যুকেন্দ্র হচ্ছে। বরাক নদী জকিগঞ্জ দিয়েই বাংলাদেশে ঢুকেছে। জকিগঞ্জের ২২ কিলোমিটার দুরের একটি পয়েন্টে নদীটি দুইভাগ হয়ে সুরমা ও কুশিয়ারা নাম নিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রতিশ্র“তি ভঙ্গ করেছেন দাবি করে এরশাদ বলেন, “কিছুদিন আগে তিনি কথা দিয়েছিলেন, তিস্তা নদীর, ফেনী নদীর পানি বণ্টন চুক্তি হবে। কিন্তু ছয়মাস পার হয়ে গেছে। তিনি কথা রাখেননি।
তিনি কথা দিয়েছিলেন, এমন কিছু করবেন না, যাতে বাংলাদেশের ক্ষতি হয়। কিন্তু কথা রাখেন নি। তার কাছে জানতে চাই, বাংলাদেশের সঙ্গে কথা না বলে কেন টিপাইমুখ বাঁধের সিদ্ধান্ত নিলেন?”
আগামী নির্বাচন জাতীয় পার্টি এককভাবে করবে জানিয়ে এরশাদ বলেন, “আমি আপনাদের কাছে ঘোষণা দিচ্ছি, আগামী নির্বাচন এককভাবে করবো, করবো, করবো। জেল থেকে বেরিয়ে এককভাবে আর নির্বাচন করিনি। এবার সেটা করে দেখতে চাই, আমার জনপ্রিয়তা কতটা আছে।”
“রাস্তায় যখন নেমেছি, নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার পরে ঘরে ফিরবো,” বলেন তিনি।
এরশাদ বলেন, “একজন মানুষ ১৬ কোটি মানুষের সরকার পরিচালনা করে, এরকম নজির বিশ্বের কোথাও নেই। আমি ক্ষমতায় গেলে দেশে আটটি প্রাদেশিক সরকার গঠন করব। সিলেট বিভাগের নাম হবে জালালাবাদ প্রদেশ।”
মহাজোট সরকারের অংশীদার জাতীয় পার্টির প্রধান সরকারের সমালোচনা করে বলেন, “দেশে গ্যাস ও বিদ্যুতের সঙ্কটের কারণে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। নতুন কোন কারখানা হচ্ছে না। সন্ত্রাস ও চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ। শেয়ার ব্যবসায় ১ কোটি মানুষ নিঃস্ব হয়ে গেছে।”
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য কাজী জাফর আহমেদ বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্যে মনে হয়, তার ও তার সরকারের মৌন সম্মতি নিয়েই এই বাঁধ করা হচ্ছে।”
এক সময়ের বিএনপি নেতা জাফর বলেন, “প্রধানমন্ত্রীকে আজ চরমপত্র দেয়ার সময় এসেছে। আপনি (এরশাদ) এই মহাজোটকে লাথি মেরে বেরিয়ে আসুন।”
সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ সমাবেশের মধ্য দিয়ে এরশাদের এই লংমার্চ শেষ হয়। লংমার্চ সাধারণত হেঁটে হলেও জাতীয় পার্টির এই লংমার্চ হয় গাড়ি নিয়ে।
সিলেটে পৌঁছানোর আগে কাচপুর, নরসিংদীর পাচঘোনা মোড় ও ভেলানগরের মোড়, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের মাধবপুর, শায়েস্তাগঞ্জ মোড় এবং আউসকান্দিতে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন এরশাদ। ব্যানার ও ফেস্টুন নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ নেন এসব পথসভায়।
লংমার্চের গাড়িবহরে জাতীয় পার্টির নেতাদের মধ্যে রয়েছেন এটিএম ফজলে রাব্বি, আনিসুল ইসলাম মাহমুদ, এম এ হান্নান, এম এ সাত্তার, সালমা ইসলাম, গোলাম মশিহ, জিয়াউদ্দিন আহমেদ বাবুল, কাজী ফিরোজ রশীদ, নুরে হাসনা লিলি চৌধুরী, জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/আরএ/১৯২৪ ঘ.
bdnews24