ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মহল আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘বিতর্কিত’ করার চেষ্টা করছে অভিযোগ করে এর বিরুদ্ধে জনমত গঠনের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে জাগরণের গান-৩ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, দুই লাখ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, তাদেরকেই আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করা হয়েছে।
“তাদের বিচার ঠেকাতে একটি মহল ট্রাইব্যুনালকে বিতর্কিত করার চেষ্টা করছে। এই চেষ্টার বিরুদ্ধে আমাদের সবাইকে জনমত গঠনে এগিয়ে আসতে হবে”, বলেন আইনমন্ত্রী।
প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিক জামায়াতে ইসলামী ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তাদের গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি দাবি করেছে।
জামায়াতের শীর্ষ পাঁচ নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিচার চলছে এ ট্রাইব্যুনালে।
একাত্তরে যারা অপরাধ করেছে, তাদেরকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়েছে উল্লেখ করে শফিক আহমেদ বলেন, “তাই এই আদালতকে বিতর্কের হাত থেকে বাঁচাতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে।”
যুদ্ধাপরাধের বিচারে সরকারের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার এ বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ- এই চার মূল আদর্শের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে চায়।
স্বাধীনতার ৪০তম বার্ষিকী উপলক্ষে জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র ও বাংলালিংক যৌথভাবে জাগরণের গান নামের এই অ্যালবাম বাজারে আনছে। এটি এই সিরিজের তৃতীয় অ্যালবাম। এতে ৪০টি গণসংগীত থাকছে।
২০০৯ সালে এই নামে প্রথম অ্যালবামটি প্রকাশ করা হয়, যাতে ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন সময়ে গাওয়া ৭১টি গান ছিল। পরের বছর একই ধরনের ১০১টি গান নিয়ে প্রকাশিত হয় জাগরণের গানের দ্বিতীয় অ্যালবাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধ্যাপক আনিসুজ্জামান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, কামাল লোহানী, বাংলালিংকের জ্যেষ্ঠ বিপণন পরিচালক শিহাব আহমেদ, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের পরিচালক মোস্তফা তৌহিদ খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১২৫০ ঘ.
bdnews24