২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার অনাস্থা: আপিল শুনানি পূর্ণাঙ্গ বেঞ্চে

হাইকোর্টের একটি বেঞ্চের প্রতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনাস্থা আবেদন খারিজের বিরুদ্ধে করা আবেদনের শুনানি আগামী রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের একটি বেঞ্চের প্রতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনাস্থা আবেদন খারিজের বিরুদ্ধে করা আবেদনের শুনানি আগামী রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। খালেদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রমুখ। মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে খালেদার আইনজীবীরা আজ চেম্বার বিচারপতির আদালতে এসেছিলেন। আদালত সেটা ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে।” খালেদার আইনজীবীদের অন্যতম মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ওই মামলা বাতিলে রুলের শুনানি ভিন্ন কোনো বেঞ্চে করার আর্জি জানিয়েছি। আগামী রোববার তার শুনানির দিন ধার্য করা হয়েছে।” খালেদা ও তার বড় ছেলে তারেক রহমানের আবেদনে ২০০৯ সালের ১৫ অক্টোবর হাইকোর্টের একটি আদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি কেন বাতিল হবে না, তা সরকার ও দুর্নীতি দমন কমিশনের কাছে জানতে চাওয়া হয়। হাইকোর্টের দেওয়া এই আদেশ নিষ্পত্তি করতে গত অক্টোবরের শেষ সপ্তাহে কমিশনের কৌঁসুলি খুরশীদ আলম খান একটি আবেদন আদালতে দেন। তিনি বলেন, হাইকোর্টের আদেশের কারণে অধস্তন আদালতে মামলাটির বিচার কাজ শুরু হচ্ছে না। গত ৩০ নভেম্বর খালেদা ওই আদেশের শুনানিতে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চের প্রতি অনাস্থা দিয়ে একটি লিখিত আবেদন দেন। আদালত শুনানি শেষে ওই দিনই আবেদনটি খারিজ করে দেয়। খারিজের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে যান খালেদার আইনজীবীরা। জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা ও তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। কমিশনের উপপরিচালক হারুন অর রশিদ ২০০৯ সালের ৫ আগস্ট মামলার অভিযোগপত্র দেন। এরপর ৭ সেপ্টেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ওই আদালত পরবর্তী ২৫ অক্টোবর এ মামলার শুনানির দিন ধার্য করে। আসামি সাবেক প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামালউদ্দিন সিদ্দিকী ও মোমিনুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। ২০০৮ সালের ২৬ আগস্ট খালেদাকে এ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। ২০০৯ সালের ২ আগস্ট তার জামিন বহাল রাখে আপিল বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২১৪৫ ঘ.