চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ‘মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের মামলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদকে আদালতে তলব করা হয়েছে।
আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে অলিকে আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মামলার বাদির আইনজীবী নজরুল ইসলাম সেন্টু।
চন্দনাইশ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু আহাম্মদ জুনু বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলার অতিরিক্ত মুখ্য বিচাররিক হাকিম নুরুল ইসলামের আদালতে এ মামলা করেন।
মামলা দায়েরের পর বিচারক অভিযোগ গ্রহণ করে বাদির বক্তব্য নথিভুক্ত করেন।
মামলায় বলা হয়, গত ১৭ নভেম্বর চন্দনাইশ এলাকার সাংসদ অলি সাতকানিয়ায় কেওচিয়া ইউনিয়নে এলডিপির জনসভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেন।
আরজিতে বলা জয়, “প্রধান অতিথির বক্তব্যে অলি বলেন, আমি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছি তখন শেখ হাসিনা একজন মন্ত্রীকে আমার কাছে পাঠিয়েছেন; আমাকে তাদের দুর্নীতির কথা না বলার জন্য। আমাকে টাকা ও মন্ত্রীত্বের লোভও দেখিয়েছিল। তখন আমি বলেছিলাম, তোমরা বেঈমান (আওয়ামী লীগ), পুরো বাংলাদেশ দিলেও আমি আওয়ামী লীগের সঙ্গে নেই।”
প্রধানমন্ত্রী ও চট্টগ্রামের স্থানীয় নারী সাংসদকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে চন্দনাইশের ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী আফতাব আহমেদ শিমুল গত ২০ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অলিসহ ১৮ জনের বিরুদ্ধে একটি মানহানি মামলা করেন।
ওই মামলায় ২৪ নভেম্বর চট্টগ্রামে আদালতে হাজিরা দিতে গেলে যুবলীগ নেতাকর্মীদের হামলার মুখে পড়েন অলি। এ মামলায় জামিনে আছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭০৭ ঘ.
bdnews24