২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণবিস্ফোরণের সময় এসেছে: মওদুদ

সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, তাদের বিরুদ্ধে গণবিস্ফোরণ ঘটার সময় ঘনিয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 09:15 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, তাদের বিরুদ্ধে গণবিস্ফোরণ ঘটার সময় ঘনিয়ে এসেছে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দেশটাকে তারা পুলিশি রাষ্ট্র বানাতে চায়। সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার চক্রান্তে লিপ্ত রয়েছে।” একতরফা নির্বাচন করতেই সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করেছে বলে দাবি করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ। তিনি বলেন, “অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে সরকারকে বাধ্য করবে জনগণ।” দ্রব্যমূল্যসহ জনগণের কোনো সমস্যার সমাধান সরকার দিতে পারেনি অভিযোগ করে মওদুদ বলেন, “জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হলে সরকারের দুঃশাসনের জবাব দেবে। সেই দিন আর বেশি দূরে নয়।” নগর জাগপা’র উদ্যোগে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ওপর ‘হামলার’ প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে মওদুদ আরো বলেন, বর্তমান সরকার গণতন্ত্র বিশ্বাস করে না। তারা স্বৈরাচারী কায়দায় দেশ চালাতে চায়। ডিসিসি ভাগের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার রাজধানীতে বিএনপির হরতালের সময় পুরান ঢাকায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর খোকাকে ভ্যানে তুলে বাসায় দিয়ে আসে পুলিশ। পুলিশ হেফাজতে খোকাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে দাবি বিএনপির। মানববন্ধনে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, ন্যাপ সভাপতি জেবেল রহমান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি গোলাম মূর্তজা, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫০০ ঘ.