২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একতরফা নির্বাচনের ‘নীল নকশা’ হচ্ছে: ফখরুল

‘স্বৈরাচার’ এরশাদকে নিয়ে ক্ষমতাসীনরা একতরফা নির্বাচনের ‘নীল নকশা’ করছে দাবি করে এর বিরুদ্ধে নব্বইয়ের মতো বৃহত্তর ছাত্র-গণঐক্য গড়ার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘স্বৈরাচার’ এরশাদকে নিয়ে ক্ষমতাসীনরা একতরফা নির্বাচনের ‘নীল নকশা’ করছে দাবি করে এর বিরুদ্ধে নব্বইয়ের মতো বৃহত্তর ছাত্র-গণঐক্য গড়ার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এ ধরনের ঐক্যের ‘কোনো বিকল্প নেই’ বলেও মঙ্গলবার বিকেলে এক আলোচনায় বলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “অতীতের স্বৈরাচারকে নিয়ে আওয়ামী লীগ বর্তমানে নব্য স্বৈরাচার সেজে জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসে আছে। তারা একদলীয় নির্বাচনের মাধ্যমে বাকশালকে ভিন্ন আঙ্গিকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে।” “গণতন্ত্রের ধারক-বাহক বলে নিজেরদ দাবি করা আওয়ামী লীগ স্বৈরাচারকে তার আঁচলের মধ্যে ঢেকে ফেলেছে। ক্ষমতাকে চিরস্থায়ী করতে সরকার একের পর এক নীল নকশার চক্রান্ত করছে” দাবি করে মির্জা ফখরুল বলেন, “উদ্দেশ্য বিএনপিকে বাদ দিয়ে একদলীয় নির্বাচনের মাধ্যমে এরশাদকে বিরোধী দলে বসিয়ে ভিন্নভাবে বাকশাল প্রতিষ্ঠা করা।” ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর ও দক্ষিণ দুইভাগে বিভক্ত করাও ‘নীল নকশা’র অংশ বলে দাবি করেন তিনি। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে প্রায় নয় বছর পর ক্ষমতা ছাড়তে বাধ্য হন ‘স্বৈরশাসক’ হিসেবে পরিচিতি পাওয়া সামরিক শাসক এইচ এম এরশাদ। তখন থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো দিনটিকে স্বৈরাচার পতন দিবস হিসেবে পালন করে আসছে। তবে এরশাদের দল জাতীয় পার্টি দিনটিকে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে পালন করে। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নব্বই-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এরশাদবিরোধী আন্দোলনে প্রাণ বিসর্জনকারী নেতা-কর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। পাশাপাশি ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় ছাত্রঐক্য পরিষদের নেতাদের ভূমিকারও প্রশংসা করেন তিনি। ‘কী পরিহাস!’ তরুণ সমাজকে জেগে ওঠার আহ্বান টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে তারা কোনো উদ্যোগ নেয়নি। উল্টো প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা দিল্লি থেকে ফিরে এসে বলেছেন, ওই বাঁধ নির্মাণ হলে বাংলাদেশ উপকৃত হবে।” “কী পরিহাস আমাদের! যেখানে পরিবেশবিদ-বিশেষজ্ঞরা বলছেন, টিপাইমুখ বাঁধ মেঘনা অববাহিকার তিন কোটি মানুষের মরণ ফাঁদ। সেখানে ওই উপদেষ্টারা বলছেন ভিন্ন কথা।”- যোগ করেন বিএনপির এ মুখপাত্র। টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে ভারতের মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর প্রকাশ করে বিবিসি। এরপর বিষয়টি নিয়ে বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি হয়। দিল্লি সফর করে এসে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সোমবার বলেন, “টিপাইমুখে বাঁধের কারণে বাংলাদেশের ক্ষতি হবে বলে যে কথাগুলো উঠেছে, তার সবই ভিত্তিহীন।” এর আগে এ প্রকল্প নিয়ে ঢাকার চিটিল জবাবে নয়া দিল্লি জানায়, বাঁধ নির্মাণ করে টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাক নদীর পানি প্রত্যাহার করা হবে না। ফলে এতে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না। টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপের দাবি জানিয়ে এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তার জবাবেও ক্ষতিকর কিছু না হওয়ার আশ্বাস দেন মনমোহন। পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা, ভূমিকম্পপ্রবণ এলাকা টিপাইমুখে বাঁধ হলে যদি তা কখনো ভাঙে, তবে সিলেট অঞ্চল পানিতে তলিয়ে যাবে। এ বাঁধ নির্মাণের বিরোধিতা মনিপুর রাজ্যেও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৩৫ ঘ.