২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবেদন মনগড়া: বিএনপি

বিরোধী দলের দাবি, তাদের নেতা-কর্মীদের মধ্যে ভয় দেখাতেই এ প্রতিবেদন তৈরি করে মামলার হুমকি দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের নির্বাচনের পরে সংখ্যালঘু নির্যাতনের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বিএনপি বলেছে, বিরোধী দলের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পাঁচ দিন পর মঙ্গলবার এ বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার বিভাগীয় ওই তদন্ত প্রতিবেদনে বিএনপি-জামায়াত জোটের ২৫ জন মন্ত্রী ও সংসদ সদস্যের নাম এসেছে। জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে ২৬ হাজার ৩৫২ জনকে। তাদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ফখরুল বলেন, “আদালতকে ব্যবহার করে বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীকে ভয় দেখিয়ে নিষ্ক্রিয় করতে সরকার হীন চক্রান্তমূলক ফাঁদ পেতেছে। এই কমিশন দলীয়। তারা মনগড়া প্রতিবেদন দিয়েছে। উদ্দেশ্য বিরোধী দলের সক্রিয় নেতাদের রাজনৈতিক মঞ্চ থেকে সরিয়ে দেওয়া।” “আমরা মনে করি, জাতীয় নির্বাচন থেকে জনপ্রিয় নেতাদের অযোগ্য করতেই এসব মিথ্যা অভিযোগ আনা হয়েছে,” বলেন তিনি। ২০০১ এর ঘটনার তদন্তে হাইকোর্টের নির্দেশে বর্তমান সরকার সাবেক জেলা ও দায়রা জজ মুহাম্মদ শাহাবুদ্দিন চুপপুকে প্রধান করে কমিশন গঠন করে। কমিশন গত ২৪ এপ্রিল প্রতিবেদন দেয়, যা গত ১ ডিসেম্বর প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্ত কমিশনের প্রধানের বিষয়ে ফখরুল বলেন, “তিনি ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এমন দলীয় লোকের নেতৃত্বে গঠিত কমিশনের কাছ থেকে নিরপেক্ষতা আশা করা যায় না।” ফখরুল বলেন, “বিএনপি সরকার দল নিরপেক্ষভাবে সহিংসতা ও সন্ত্রাস দমন করেছে। কঠোর হাতে দেশ থেকে সন্ত্রাসী ও জঙ্গি দমন করতে সক্ষম হয়েছে।” বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে দাবি করে বিএনপির মুখপাত্র বলেন, “এ নির্যাতনের বিবরণ প্রকাশ করবে বিএনপি। আগামীতে ক্ষমতায় গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” ২০০১ এ রাজনৈতিক দ্বন্দ্বের ‘কিছু’ ঘটনাকে সরকার সংখ্যালঘুদের ওপর নির্যাতন হিসেবে প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। ফখরুল বলেন, “আওয়ামী লীগের নেতাসহ তাদের বুদ্ধিজীবী দোসররা ওই সময়ে সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী প্রচার করেছে। এর মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের সা¤প্রদায়িক স¤প্রীতিতে কালিমা লিপ্ত করতে চেয়েছেন।” তদন্ত প্রতিবেদনে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের অনেকেই ফখরুলের সঙ্গে নয়া পল্টনে সংবাদ সম্মেলনে ছিলেন। ফখরুল বলেন, “তাদের বিরুদ্ধে গত ১০ বছরে কোনো থানায় এই বিষয়ে মামলা ও জিডি হয়নি। এমনকি কেউ কোথাও সংবাদ সম্মেলন করেও ওইসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেনি।” বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। দলমত নির্বিশেষে যশোরের রাজনৈতিক নেতা-কর্মীরা এই অভিযোগ বিশ্বাস করে না।” সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “আমি ছয় বার সংসদ সদস্য ছিলাম। একাত্তরে আমি যশোর সেনানিবাস থেকে একমাত্র বাঙালি অফিসার হিসেবে জোয়ানদের নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। জীবনে জনগণের উপকার ছাড়া অপকার করিনি। “আজকে যারা অভিযোগ এনেছে, সেই দলটিই (আওয়ামী লীগ) ২০০১ সালে ংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন চালিয়েছিলো।” সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “আওয়ামী লীগ পটুয়াখালীতে সংখ্যালঘুদের মন্দির, গীর্জা, প্যাগোডা দখল করেছিলো। বরং আমি ওইসব জায়গা উদ্ধার করে সংশ্লিষ্টদের কাছে বুঝিয়ে দিয়েছি। আওয়ামী লীগের হাতে আমি নির্যাতিত হয়েছি। আমরা বাড়ি তারা ভাংচুর করেছে।” সংবাদ সম্মেলনে অভিযোগের মুখে থাকার নেতদের মধ্যে ছিলেন ইলিয়াস আলী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহিদুল ইসলাম, হাফিজ ইব্রাহিম, আবদুল ওয়াদুদ ভূঁইয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫০ ঘ.