২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালেও হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেও ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষা হয়েছে। তবে খোলা থাকলেও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 04:27 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেও ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষা হয়েছে। তবে খোলা থাকলেও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ব্যাচেলর ইন এডুকেশন (বিএড) পরীক্ষা ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ও মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বাইরে আরো ৪০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয় বলে জানান তিনি। বদরুজ্জামান বলেন, বিএড পরীক্ষা ছাড়াও সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার ১৮টি কেন্দ্রে বিবিএ (অষ্টম সেমিস্টার) এবং এমবিএ’র পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তৃতীয় বর্ষের ডিগ্রি (পাস) ইতিহাস, ইসলামের ইতিহাস, রসায়ন ও প্রাণ রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। এসব পরীক্ষায় উপস্থিতিতে সন্তোষ জানিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, “ঢাকার কেন্দ্রগুলোতে কোনো ধরনের ঝামেলা হয়নি। পরীক্ষায় হরতালের প্রভাব পড়েনি।” ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার প্রতিবাদে রোববার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে প্রধান বিরোধী দল বিএনপি। ক্লাস-পরীক্ষা বন্ধ হরতালের মধ্যে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা হয়নি বলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে। হরতাল চলাকালে নিরাপত্তাজনিত করণে শিক্ষার্থীরা স্কুল-কলেজে না আসায় পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করতে হয়েছে বলে জানিয়েছেন তারা। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষকরা কলেজে এলেও শিক্ষার্থী না আসায় কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। তিনি বলেন, রোববার সকাল থেকে প্রথম থেকে দশম শ্রেণীর পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় জানান, রোববারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী শুক্রবার নেওয়া হবে। “হরতালের ফলে শিক্ষার্থীরা স্কুলে আসতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে,” বলেন তিনি। হলিক্রস কলেজের এক অফিস সহকারী জানান, অফিস খোলা থাকলেও কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষা মো. ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের কারণে রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর হবে। হরতালে নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীরা স্কুলে না এলেও সব শিক্ষকই এসেছেন বলে জানান তিনি। বেগম বদরুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মেরিনা জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিগ্রি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৮৩০ ঘ.