ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দুই নগর প্রশাসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সরকার।
এ তথ্য জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক রোববার সাংবাদিকদের বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
বিএনপির হরতালের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনে দুজন প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলার মধ্যেই একথা বললেন তিনি।
প্রশাসক নিয়োগের আদেশ হওয়ার পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হবে বলেও প্রতিমন্ত্রী জানান।
ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগের বিল সংসদে পাস হয় গত ২৯ নভেম্বর। বৃহস্পতিবার রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে ওই বিল আইনে পরিণত হয়।
রাষ্ট্রপতির সম্মতির ৯০ দিনের মধ্যে দুই অংশে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। আইন অনুযায়ী দুই অংশে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসক দায়িত্ব পালন করবেন।
নানক বলেন, “নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে নির্বাচনের জন্য ১৮০ দিন সময় থাকলেও এবার আইন সংশোধন করে ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। কারণ আমাদের উদ্দেশ্য মহৎ। আমরা শুধু নামেই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে চাই না, ভালো কিছু করেও দেখাতে চাই।”
তবে এই সময়ের মধ্যে নির্বাচন করা নিয়ে সংশয় প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বানও জানান প্রতিমন্ত্রী। ডিসিসি বিভক্তির প্রতিবাদে বিএনপির রোববারের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।
নানক বলেন, ডিসিসি বিভক্তিতে কর্মকর্তা ও কর্মচারীদের কোনো সমস্যা হবে না।
সোমবার ডিসিসি’র সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক হবে বলেও জানান তিনি।
খুব শিগগিরই গাজীপুর ও টঙ্গীকে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের ঘোষণাও আসছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৫১৭ ঘ.
bdnews24