২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদা মনের দুঃখে দেশকে দেউলিয়া বলছেন’

শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি ও লুটপাটের সুযোগ না পাওয়ার মনোবেদনায় দেশ ‘দেউলিয়াত্বের’ দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি ও লুটপাটের সুযোগ না পাওয়ার মনোবেদনায় দেশ ‘দেউলিয়াত্বের’ দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শুরুর সময় এ কথা বলেন অওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী হাসিনা। তিনি বলেন, “দেশ প্রতিটি খাতেই এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ ভালো আছে। দেশের শান্তি তিনি [খালেদা জিয়া] চান না বলেই এসব কথা বলছেন।” “ব্যক্তিগত দুঃখ-কষ্ট তিনি দেশের ওপর চাপাতে চাচ্ছেন” মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “দুর্নীতি আর লুটপাটের সুযোগ না পাওয়ার মনোবেদনা থেকেই তিনি [খালেদা জিয়া] বলেছেন, ‘দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে’।” দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছিলেন, সরকার দেশকে দেউলিয়াত্বের পথে নিয়ে যাচ্ছে। শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরু হয় সন্ধ্যা পৌনে ৬টার দিকে। ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) দুই ভাগের সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির রোববার হরতাল ডাকার সমালোচনাও করেন শেখ হাসিনা। তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিএনপির এই হরতাল ও আন্দোলন।” ঢাকাকে ভাগ করা হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এ নিয়ে ব্যাকুল হওয়ার কিছু নেই। নাগরিক সুবিধা হাতের কাছে পৌঁছে দিতেই ডিসিসিকে দুভাগ করা হয়েছে।” প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে ডিসিসি দুই ভাগের বিল সংসদে পাস হয় গত ২৯ নভেম্বর। রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে। এই আইনের মাধ্যমে আগের ডিসিসির স্থলে ‘ঢাকা উত্তর’ ও ‘ঢাকা দক্ষিণ’ নামে দুটি সিটি কর্পোরেশন হচ্ছে। প্রশাসক নিয়োগ করে ৯০ দিনের মধ্যে দুই সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়া হবে। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সহ অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা, ডিসিসি ভাগের যৌক্তিকতা, টিপাইমুখ বাঁধ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারের অগ্রগতি তুলে ধরেন। এ সময়ে চারদলীয় জোট আমলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তৃতি, যুদ্ধাপরাধীদের পক্ষে বিএনপির অবস্থান এবং বিএনপির চেয়ারপার্সনের দুই ছেলের দুর্নীতি ও সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বিএনপির দুই গুণ- দুর্নীতি আর মানুষ খুন’ অষ্টম সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোটের নির্বাচনোত্তর সহিংসতা নিয়ে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ওই সময়ে চার দলীয় জোট পাকিস্তানি হানাদারদের মতো যে হত্যা ধর্ষণ নির্যাতন, লুন্ঠন চালিয়েছিলো তা তদন্ত কমিশনের প্রতিবেদনে বেড়িয়ে এসেছে। এ তথ্য সংগ্রহ অব্যাহত থাকলে আরো ভয়াবহ চিত্র বেড়িয়ে আসবে।” গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বিগত চারদলীয় জোট সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামীসহ ২৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মিলিয়ে প্রায় ২৬ হাজার জনকে দায়ী করা হয়। চারদলীয় জোট ক্ষমতায় থাকলে দেশের মানুষ অশান্তিতে থাকে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি’র দুই গুণ- দুর্নীতি আর মানুষ খুন। আমরা দেশের মানুষের শান্তি চাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ কারণে দেশের মানুষ শান্তিতে থাকে।” খালেদার সমালোচনা প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বব্যাপি মন্দা, বিশ্বে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে উন্নতদেশগুলোও হিমশীম খাচ্ছে। এরপরও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশ অর্থনীতির চাকা স্বচল রেখেছে।” ‘দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া’- বিরোধীদলীয় নেত্রীর এ বক্তব্যের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “যেখানে দেশের রিজার্ভ সর্বোচ্চ, রেমিটেন্স প্রবাহ অনেক বেশি (অন্যতম ১০টির মধ্যে বাংলাদেশ ৫ম), দুর্নীতিও হ্রাস পেয়েছে সেখানে বিএনপি চেয়ারপার্সন এমন কথা বলেন কীভাবে?” খালেদাকে উদ্দেশ্য করে হাসিনা বলেন, “দুর্নীতি করে তো অনেক টাকা বানিয়েছেন, এখন খরচ করুন।” “খালেদার দুই পুত্রের অর্থপাচারের দুর্নীতির সাক্ষ্য দিতে বিদেশি সংস্থা দেশে এসেছে- এ লজ্জাষ্কর ঘটনার জবাব তিনি সংবাদ সম্মেলনে তো দিলেন না।” খালেদার ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় গত মাসে ঢাকায় এসে সাক্ষ্য দেন যুক্তরাষ্ট্রের সরকারি তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এক কর্মকর্তা। ‘ টিপাইমুখ ইস্যুতেও সরকার দেশের স্বার্থ রক্ষা করবে’ প্রধানমন্ত্রী বলেন, “দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগ কাজ করেছে। টিপাইমুখ ইস্যুতেও সরকার দেশের স্বার্থ রক্ষা করবে।” ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এ দেশের ক্ষতি হোক এমন কিছু হতে দেব না। যা যা করার দরকার সব করবো।” “দিল্লিতে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, ব্যাখ্যা চাচ্ছি। দুই উপদেষ্টা ফেরার পর তাদের প্রতিবেদনগুলো দেখবো।”- যোগ করেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচএ/আরএ/পিডি/২৩৫৫ ঘ.