ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের বিভক্তি প্রশ্নে সৈয়দ আশরাফুল ইসলামের ‘চ্যালেঞ্জের’ জবাবে গণভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হরতালের সমর্থনে রাজধানীর পল্টনে লিফলেট বিতরণের পর শনিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের সাধারণ স¤পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব সিটি নির্বাচনে অংশ নেওয়ার যে চ্যালেঞ্জ আমাদের দিয়েছেন, তার জবাবে বলতে চাই- নির্বাচন পরের কথা, আগে ঢাকা বিভক্তি নিয়ে গণভোট দিন। গণভোটেই প্রমাণ হবে জনমত কোন দিকে আছে।”
তিনি দাবি করেন, ঢাকার ৯৮ শতাংশ মানুষ আগের মতো একীভূত সিটি কর্পোরেশন চায়।
শুক্রবার মহানগর আওয়ামী লীগের সমাবেশে সৈয়দ আশরাফ বলেন, “আমি বিএনপিকে চ্যালেঞ্জ করছি- আপনারা নির্বাচনে আসুন। না পালিয়ে গিয়ে এতে অংশ নিন। বিজয়ী হলে আমরা মেনে নেব।”
প্রধান বিরোধী দল বিএনপির প্রবল বিরোধিতার মধ্যেই গত মঙ্গলবার সংসদে স্থানীয় সরকার (সিটি করপোরেশ) আইন সংশোধন বিল পাস হয়। রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে।
এই আইনের মাধ্যমে ঢাকা সিটি করপোরেশনকে ‘ঢাকা উত্তর’ ও ‘ঢাকা দক্ষিণ’ নামে দুই ভাগে ভাগ করা হবে। প্রশাসক নিয়োগ করে ৯০ দিনের মধ্যে দেওয়া হবে নির্বাচন।
এই সিদ্ধান্তের প্রতিবাদে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। তারই সমর্থনে শনিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
পরে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, সরকার হরতাল সামনে রেখে বিভিন্ন স্থানে বিএনপি নেতা-র্র্কমীদের গ্রেপ্তার ও বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে।
“আমরা পুলিশের এরকম নির্যাতনের নিন্দা জানাই”, বলেন তিনি।
রোববারের হরতাল সফল করার জন্য ঢাকার সব শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
লিফলেট বিতরণের সময় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবীর রিজভী, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল হক নান্নু, রফিক শিকদার, সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী পস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৫২ ঘ.
bdnews24