২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাগাতার আন্দোলনের হুমকি বিএনপির

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হরতাল তো কেবল শুরু। এরপর লাগাতার কর্মসূচি আসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন বিভক্ত করার সিদ্ধান্ত বাতিল না হলে হরতালের পর লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি। ডিডিসি ভাগের প্রতিবাদে শুক্রবার বিকালে নয়া পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রোববার রাজধানীতে হরতাল ডেকেছে বিএনপি। ফখরুল বলেন, “আমাদের প্রাণের ঢাকাকে দুই ভাগ করতে দেওয়া হবে না। রোববারের হরতাল শুধু শুরু। এরপরও যদি সরকার এই পথ থেকে সরে না আসে, আগামীতে লাগাতার আন্দোলন দেওয়া হবে।” রোববারের হরতালে ঢাকার সব ওয়ার্ডের বিএনপি নেতা-কর্মীদের রাজপথে অবস্থান নেওয়ার নির্দেশও দেন তিনি। বিএনপির প্রবল বিরোধিতার মধ্যেই গত ২৯ নভেম্বর জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) বিল পাস হয়। রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর বিলটি ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে। ডিসিসির মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ব্যক্তিগত ও আবাসিক নিরাপত্তাও প্রত্যাহার করা হয়েছে। নতুন আইনের আওতায় ‘ঢাকা উত্তর’ ও ‘ঢাকা দক্ষিণ’ নামে দুটি সিটি কর্পোরেশন হবে। ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া হবে দুই কর্পোরেশনে। তার আগ পর্যন্ত অনির্বাচিত দুই প্রশাসক দুই সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করবেন। সরকারের যুক্তি, ঢাকার জনসংখ্যা অনেক বেড়ে যাওয়ায় নাগরিক সুবিধার মানোন্নয়নের লক্ষ্যে ডিসিসি ভাগ করা হয়েছে। অন্যদিকে বিএনপির দাবি, খোকাকে সরানোর রাজনৈতিক অভিসন্ধি থেকেই এ বিভাজন। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনের সমাবেশে ঢাকার সব ওয়ার্ড ও থানা থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসে। বিএনপি কার্যালয় থেকে কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁ পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে হরতালের স্লোগান দিচ্ছিলো নেতা-কর্মীরা। ডিসিসি ভাগকে অসাংবিধানিক দাবি করে ফখরুল বলেন, “এই বিভক্তির বিরুদ্ধে ইতোমধ্যে হাইকোর্টে রিট আবেদন হয়েছে। আদালত সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে। তার আগেই তড়িঘড়ি করে বৃহস্পতিবার বিলের ওপর রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে নিয়েছে। এ থেকে বোঝা যায়, আদালতের প্রতিও সরকারের কোনো শ্রদ্ধা নেই।” সমাবেশে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিদায় নেওয়া মেয়র সাদেক হোসেন খোকা বলেন, “ঢাকা ভাগের সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও স্বৈরাচারী। জনমতকে উপেক্ষা করে সরকার গায়ের জোরে সংসদে মাত্র তিন মিনিটে ঢাকা বিভক্তির বিল পাস করেছে। ঢাকাকে এক করার দাবি দেশ ও ঢাকাবাসীর প্রাণের দাবি। এই দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে।” ডিসিতে প্রশাসক নিয়োগের বিধানও সংবিধান পরিপন্থী বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় গেল আবার ঢাকাকে এক করা হবে। ২০০১ সালের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বিএনপি নেতাদের বিরুদ্ধে সরকারের মামলার হুমকির জবাবে ফখরুল বলেন, “কথিত ২০০১ সালের সংখ্যালঘু নির্যাতনের কথা বলে সরকার নিজস্ব ব্যক্তিকে নিয়ে কমিশন গঠন করে ২৬ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। এতে কোনো লাভ হবে না। মামলা ও নির্যাতন করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না।” সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবদুল্লাহ আল নোামান, আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, আবদুস সালাম, নুরে আরা সাফা, শফিউল বারী বাবু, সুলতান সালাহউদ্দিন টুকু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৫৫ ঘ.