২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি ভাগ: বিকেলে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তির প্রতিবাদে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 05:45 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তির প্রতিবাদে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে প্রধান বিরোধী দল বিএনপি। দলের দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানে এই সমাবেশ হবে। তিনি বলেন, “সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ঢাকা নগরীকে দুই ভাগ করে জনগণের হৃৎপিণ্ডে আঘাত করেছে। বিএনপি বর্তমান সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে কর্মসূচি এই দিয়েছে।” তিন দিনের এই কর্মসূচির শেষ দিন রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল করবে বিএনপি। এছাড়া শনিবার রাজধানীর প্রতিটি থানায় বিক্ষোভ সমাবেশ করবে দলটির নেতাকর্মীরা। শুক্রবারের বিক্ষোভ সমাবেশে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন বলে রিজভী জানান। বিএনপির প্রবল বিরোধিতার মধ্যেই গত ২৯ নভেম্বর জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) বিল পাস হয়। রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর বিলটি ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে। ডিসিসির সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ব্যক্তিগত ও আবাসিক নিরাপত্তাও এরইমধ্যে প্রত্যাহার করা হয়েছে। নতুন এ আইনের আওতায় ‘ঢাকা উত্তর’ ও ‘ঢাকা দক্ষিণ’ নামে দুটি সিটি কর্পোরেশন হবে। প্রশাসক নিয়োগের মাধ্যমে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া হবে দুই কর্পোরেশনে। বিলটি সংসদে পাস হওয়ার পর বুধবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে এর প্রতিবাদ জানিয়ে হরতালসহ তিন দিনের কর্মসূচি দেওয়া হয়। সাবেক মেয়র খোকা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ায় ঢাকা ভাগের বিষয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট। ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) বিভক্ত করার সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে এই রুলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১১২৫ ঘ.