ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের নামে ‘ভাংচুর, জনদুর্ভোগ ও নৈরাজ্য’ সৃষ্টি করা হলে ‘যথাযথ’ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বিরোধীদল যদি হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে সরকার নিরব দর্শক হয়ে বসে থাকবে না। হরতালের সময় কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার প্রতিবাদে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি।
তাদের প্রবল আপত্তির মধ্যেই গত মঙ্গলবার সংসদে স্থানীয় সরকার (সিটি করপোরেশ) আইন সংশোধন বিল পাস হয়। রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে।
এই আইনের মাধ্যমে ঢাকা সিটি করপোরেশনকে ‘ঢাকা উত্তর’ ও ‘ঢাকা দক্ষিণ’ নামে দুই ভাগে ভাগ করা হবে। প্রশাসক নিয়োগ করে ৯০ দিনের মধ্যে দেওয়া হবে নির্বাচন।
ঢাকা ভাগের সিদ্ধান্ত বাতিল না হলে হরতালের পর লাগাতার আন্দোলনেরও ঘোষণা দিয়েছে বিএনপি।
এ বিষয়ে কামরুল ইসলাম বলেন, “বিরোধী দলের মহাসচিব লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছেন। বিরোধী দল ভালো করেই জানে যে তারা যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ এবং গ্রেনেড হামলাকারীদের কোনোভাবেই রক্ষা করতে পারবে না। তাই তারা এখন দেশে হরতাল ও নৈরাজ্য শুরু করবে। সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার চেষ্টা করবে।”
“দেশের জনগণকে এ সব অশুভ তৎপরতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে”, যোগ করেন তিনি।
নগরবাসীদের সুবিধার জন্যই ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করা হয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, “কিছু জ্ঞান-পাপী বুদ্ধিজীবীও এখন বিএনপির সুরে কথা বলছে। তারা দেশের অগ্রগতি চায় না।”
শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘দেশবাসী সকল যুদ্ধাপরাধীদের বিচার চায়’ শীর্ষক এ আলোচনা সভায় অন্যদের মধ্যে শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া, বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আকবর আলী পাঠান ফারুক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/জেকে/১৫৪৪ ঘ.
bdnews24