২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি রায় পর্যন্ত অপেক্ষা করতে পারত: টুকু

বিএনপির হরতাল ডাকার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, তারা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে পারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 12:33 PM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির হরতাল ডাকার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, তারা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে পারত।

বৃহস্পতিবার সংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী ৪ ডিসেম্বর রাজধানীতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে ‘অযৌক্তিক’ অভিহিত করে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে টুকু সাংবাদিকদের বলেন, “বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই আদালতের সিদ্ধান্ত পর্যন্ত তারা অপেক্ষা করতে পারত।”

ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ৪ ডিসেম্বর হরতাল ডেকেছে বিএনপি।

মঙ্গলবার সংসদে ঢাকা ভাগের বিল পাশের পরদিন বুধবারই এ কর্মসূচি ঘোষণা করে দলটি।

ঢাকা ভাগের বিল অবৈধ ঘোষণা করতে বুধবারই আদালতে রিট আবেদন করেন ডিসিসি মেয়র ও বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা হবে না তা জানতে চেয়ে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগের সচিব, স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনকে চার সপ্তাহ সময় দেয় আদালত।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বিএনপি প্রথমে বিদ্যুৎ গ্যাস সংকট নিয়ে হরতাল ডাকে। পরে এ সমস্যা কেটে গেলে আইন-শৃঙ্খলা অবনতির কথা বলে। কিন্তু এর পর কিছু না পেয়ে এ ইস্যু নিয়ে হরতাল ডেকেছে।”

টুকু দাবি করেন, “মূলত যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতেই এ হরতার ডাকা হয়েছে।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের আমলে এটি বিএনপির ডাকা অষ্টম হরতাল।

জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হরতাল ডেকেছিল বিএনপি।

২০০৯ সালের জানুয়ারিতে বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার দেড় বছর পর বিএনপি ২০১০ সালের ২৭ জুন প্রথম হরতাল ডাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮২৭ ঘ.