২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি ভাগ: নগর ভবনে কর্মচারীদের দুই পক্ষের সংঘর্ষ

ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করার ঘটনায় নগর ভবনে আওয়ামী লীগ ও বিরোধী দল সমর্থক কর্মচারীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 09:48 AM

Updated : 24 Aug 2022, 05:01 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করার ঘটনায় নগর ভবনে আওয়ামী লীগ ও বিরোধী দল সমর্থক কর্মচারীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। বিরোধী দল সমর্থক ঢাকা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদ ডিসিসি ভাগের প্রতিবাদে এবং সরকার-সমর্থক ঢাকা সিটি কর্পোরেশন শ্রমিক-কর্মচারী লীগ সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার দুপুরে মিছিল-সমাবেশ করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় দুপক্ষই পরস্পরকে দায়ী করেছে। শ্রমিক-কর্মচারী লীগের সাংগঠনিক সম্পাদক টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিসিসিকে দুই ভাগ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠনের পক্ষ থেকে দুপুরে নগর ভবনের বারান্দায় মিছিল বের করা হয়। মিছিল শেষে নগর ভবনের নিয়ন্ত্রণ কক্ষের সামনে সমাবেশ শুরু হলে ঐক্যপরিষদের সদস্যরা সেখানে হামলা চালায়। এতে শ্রমিক-কর্মচারী লীগের ১১ কর্মী আহত হয় বলে দাবি করেন তিনি। অন্যদিকে কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েক দিনের মতো বৃহস্পতিবার দুপুরেও তারা ডিসিসি ভাগের প্রতিবাদ জানাতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এমন সময় শ্রমিক-কর্মচারী লীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায় ও মারধর করে। শাহবাগ থানার উপ পরিদর্শক মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা বিভক্তির পক্ষে-বিপক্ষে মিছিল চলার সময় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। সব কিছু এখন স্বাভাবিক রয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৫১৫ ঘ.