২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসক নিয়োগের বিপক্ষে আইভী

নির্বাচিত প্রতিনিধি হিসেবে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিদায়পর্বে তার প্রতি সহানুভূতিই প্রকাশ পেলো নারায়ণগঞ্জের নতুন মেয়রের কথায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 09:21 AM

Updated : 24 Aug 2022, 05:01 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্তর্র্বতীকালীন হলেও অনির্বাচিত প্রশাসকের সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন মেনে নিতে পারছেন না নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন মেয়র সেলিনা হায়াৎ আইভী। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার বিদায় প্রক্রিয়া নিয়েও অসন্তোষের কথা খোলাখুলি জানালেন তিনি। বিএনপি নেতা খোকার প্রতি সহানুভূতিও প্রকাশ পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা আইভীর কথায়। নতুন সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জের প্রথম মেয়র হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব নেন শহর আওয়ামী লীগের সহসভাপতি আইভী। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নিজ দলেরই শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে বিজয়ী হন তিনি। আইভী দায়িত্ব নেওয়ার ঠিক একদিন আগে সংসদে সিটি কর্পোরেশন সংক্রান্ত স্থানীয় সরকার আইন সংশোধন বিল পাস হয়। নতুন আইনে বলা হয়েছে, দুই নির্বাচনের মধ্যবর্তী সময়ে দায়িত্ব পালন করবেন প্রশাসক, আর এই সময়টাতে নির্বাচন হবে। দুপুরে দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে বক্তব্যে স্থানীয় সরকার আইন সংশোধন নিয়ে কথা বলেন আইভী। তিনি বলেন, “নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রায় সময়ই খাটো করা হচ্ছে। কিছু ক্ষেত্রে গণতন্ত্রের সঠিক চর্চা হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ায় যেখানে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, সেখানে সিটি কর্পোরেশনে অন্তর্র্বতীকালীন প্রশাসক নিয়োগ গ্রহণযোগ্যে নয়।” নতুন আইন অনুযায়ী, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাকে সরে যেতে হচ্ছে, যদিও এর বিরুদ্ধে আদালতে গেছেন তিনি। খোকার প্রতি সহানুভূতি প্রকাশ করতে গিয়ে নিজেরও একই অভিজ্ঞতার কথা তুলে ধরেন আইভী। সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র আইভীকে প্রশাসকের কাছে দায়িত্ব ছেড়ে দিতে হয়েছিলো। আইভী বলেন, “সাদেক হোসেন খোকার চলে যাওয়ার প্রক্রিয়াটি সঠিক হচ্ছে না। যেমন সঠিক ছিল না গত ২৭ জুন নগর ভবন থেকে আমার চলে যাওয়া। কারণ আমরা লাখো জনতার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমাদের চলে যাওয়ার ক্ষেত্রে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া রাখা উচিত ছিল।” সকাল ১১টায় আইভী শহরের পশ্চিম দেওভোগ এলাকার বাসা থেকে বেরিয়ে হেঁটেই শহরের চাষাড়া মোড় হয়ে ১২টা ২০ মিনিটে নগর ভবনে পৌঁছান। পেছনে এবং রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার সমর্থক বাদ্য বাজিয়ে, ফুলের পাপড়ি ছিটিয়ে নতুন মেয়রকে অভিনন্দন জানান। নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে তাতে সাবেক সংসদ সদস্য ও পরাজিত মেয়র প্রার্থী শামীম ওসমানের সহযোগিতাও চেয়েছেন আইভী। নগর অধিপতি হিসেবে দল-মত নির্বিশেষে কাজ করবেন বলেও জানান তিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে দাবি করে আইভী বলেন, “কিন্তু লাখো জনতা সেই অশুভ শক্তির বিরুদ্ধে রায় দিয়েছে; আমাকে ভোটে নির্বাচিত করেছে। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বদা সচেষ্ট থাকবো।” শামীম ওসমানের উদ্দেশে আইভী বলেন, “শুনুন নারায়ণগঞ্জবাসী কী চায় ? নারায়ণগঞ্জবাসী ও আমরা খুন, সন্ত্রাস চাই না। সুতরাং সবকিছু ছেড়ে আসুন। একসঙ্গে উন্নয়ন করি।” মেয়র পদে দাঁড়িয়েও শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানো তৈমুর আলম খন্দকারের সহযোগিতাও চেয়েছেন আওয়ামী লীগ নেতা আইভী। পৌরসভার মেয়র থাকাকালে বিএনপি নেতার সহযোগিতা পাওয়ার কথাও স্মরণ করেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান তুলে আইভী বলেন, “এই স্লোগানটি আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছে। কিন্তু এই স্লোগান সকলের।” আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, “নেত্রী আপনি আমার কোনো কথায় বিভ্রান্ত হবেন না। আমি আওয়ামী লীগে ছিলাম, আছি, থাকবো।” নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের শামীম ওসমানের প্রতি সমর্থন প্রকাশের দিকে ইঙ্গিত করে আইভী বলেন, “নির্বাচনের শুরুর দিকে আমার সঙ্গে গুটিকয়েক শুভাকাক্সক্ষী ছিল। ধীরে ধীরে দূরের মানুষ কাছে চলে আসে, আর কাছের কিছু মানুষ দূরে চলে যায়। কিন্তু আমি সাহস হারাইনি। “কারণ ২০০৩ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ পৌরসভার তৎকালীন নির্বাচনে আওয়ামী লীগের চরম দুঃসময় ছিল। আমি তখন দলের হাল ধরেছিলাম। কিন্তু নারায়ণগঞ্জে যারা নিজেদের সিংহ পুরুষ বলে দাবি করে, তা পালিয়েছিল।” নবনির্বাচিত কাউন্সিলরদের দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান নতুন মেয়র। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিদায়ী প্রশাসক মো. শাহ কামাল নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “৫ মাস ৫ দিন প্রশাসকের দায়িত্ব পালন করতে গিয়ে আমি জনগণের ভালোবাসা ও সমর্থন পেয়েছি। এ দায়িত্ব পালন ছিল অনেক কঠিন।” নারায়ণগঞ্জ নগর এলাকার জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কাজ করতে মেয়রের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ছিলেন আইভীর নির্বাচন পরিচালনায় গঠিত সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, সদস্য সচিব রফিউর রাব্বি, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগ সভাপতি আবদুল কাদির প্রমুখ। নির্বাচনের এক মাস এবং শপথ নেওয়ার চার দিন পর আইভী পাঁচ বছরের জন্য দায়িত্ব নিলেন। গত ২৭ নভেম্বর তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১৮ বছর পর ২০০৩ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচন হয়। ওই নির্বাচনে আইভী বিপুল ভোটে বিএনপি সমর্থিত প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন। তার বাবা আওয়ামী লীগ নেতা আলী আহম্মদ চুনকাও পৌর মেয়র ছিলেন। গত ৫ মে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কদমরসুল, নারায়ণগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জ পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠন হয়। এরপর ৩০ অক্টোবর নির্বাচন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৬ ঘ.