২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে খালেদা

ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার বিল সংসদে পাসের প্রেক্ষাপটে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার বিল সংসদে পাসের প্রেক্ষাপটে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এই বৈঠক শুরু হয়। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে- সরকার ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করায় আন্দোলনের কর্মসূচি নির্ধারণ, টিপাইমুখ বাঁধ নির্মাণ সংক্রান্ত ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চিঠিসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর উপস্থিত রয়েছেন। প্রধান বিরোধী দলের প্রবল আপত্তির মধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার বিল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত এ আইন অনুযায়ী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে আলাদা দুটি সিটি কর্পোরেশন হবে। এই বিল অবৈধ ঘোষণা করতে বুধবারই হাই কোর্টে রিট আবেদন করেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। এর পরিপ্রেক্ষিতে ওই বিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বিলটি পাসের আগে মঙ্গলবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডিসিসি ভাগ করা হলে বিএনপি ‘দুর্বার আন্দোলন’ গড়ে তুলবে। বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিসিসি ভাগের প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করতেই খালেদা জিয়া স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৪৩ ঘ.