২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ: সিলেটে হরতালের সমর্থনে বিএনপির প্রচার

টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে বৃহস্পতিবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 09:38 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

সিলেট, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে বৃহস্পতিবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। হরতালের সমর্থনে বুধবার নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা। এতে নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম. ইলিয়াস আলী। তিনি বলেন, “সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও তাবেদারী মনোভাবের কারণে ভারত বাংলাদেশকে কিছু না জানিয়েই টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি সম্পাদন করেছে।” এছাড়া হরতালের সমর্থনে সিলেট নগরী ও বিভিন্ন উপজেলায় মাইকিং করা হচ্ছে। সম্প্রতি বরাক নদীর ওপরে যৌথ উদ্যোগে টিপাইমুখ প্রকল্প বাস্তবায়নে ভারতের রাষ্ট্রায়ত্ত এনএইচপিসি লিমিটেড, সাতলুজ জলবিদ্যুৎ নিগম লিমিটেডের সঙ্গে মণিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তি হয়। ১৮ নভেম্বর বিষয়টি গণমাধ্যমে এলে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ২২ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতিও দেয়। এতে বলা হয়, ১৫০০ মেগাওয়াটের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পে পানি প্রত্যাহার করা হবে না এবং এতে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। ওইদিনই সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতালসহ সাতদিনের কর্মসূচি ঘোষণা করে সিলেট বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৩৩ ঘ.