ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রতিবাদে স্থানীয় বিএনপি’র মিছিলের একদিন বাদে একজন নির্বাচন কমিশনার বললেন, আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, “মিছিল-সমাবেশের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ জানালে তা আচরণবিধি ও নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল। এক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে সোমবার একজন নির্বাচন কমিশনারের উপস্থিতিতে কুমিল্লায় ইভিএম ব্যবহারের প্রতিবাদ জানিয়ে বিএনপি সমর্থকরা মিছিল করে। ওই নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হলে এবং সেনা মোতায়েন না হলে নির্বাচন বর্জন করবে বলে ইতোমধ্যে স্থানীয় বিএনপি ঘোষণা দিয়েছে।
অবশ্য ইসি জানিয়ে দিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। পাশাপাশি ভোট হবে ইভিএমে।
ছহুল বলেন, “ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনী এলাকায় কোনোভাবে এ ধরনের প্রতিবাদে মিছিল-সমাবেশ করা যাবে না। কুমিল্লার বিষয়টি জানার পরই রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচনকে প্রতিহত করার জন্য মিছিল-মিটিং দণ্ডনীয় অপরাধ।”
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও ছয় মাসের কারাদণ্ড এবং নির্বাচনী বিধি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে।
এ ছাড়া সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির।
নির্বাচন কমিশনার ছহুল হোসাইন জানান, কুমিল্লা নির্বাচনের আইন-শৃঙ্খলা বিষয়ে সংশ্লিষ্ট বাহিনী ও বিভাগের প্রধানদের নিয়ে আইন শৃঙ্খলা বৈঠক ডিসেম্বরের ১১/১২ তারিখে অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি কুমিল্লায় ভোট হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৭৩৫ ঘ.
bdnews24