চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার বিচার কার্যক্রম ফের শুরু হয়েছে। প্রথম দিন তিন জনের বক্তব্য শোনার পর মামলার কার্যক্রম আগামী ৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে আদালত।
মঙ্গলবার দুপুর দেড়টায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে প্রথম সাক্ষ্য দেন সিইউএফএল জেটিঘাটে আটক অস্ত্রবাহী ট্রাকের মালিক সংস্থা গ্রিনওয়ে ট্রান্সপোর্টের ব্যবস্থাপক তসলিম মল্লিক।
এরপর সাক্ষ্য দেন ট্রাকের ব্রোকার শেখ আহমদ এবং অস্ত্র উদ্ধারের সময় চট্টগ্রামের বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুর রহমান।
তিন সাক্ষীর মধ্যে প্রথম দুজনকে জেরাও করেন আইনজীবীরা। মাহমুদুর রহমানের জেরার মধ্য দিয়ে আগামী ৯ জানুয়ারি মামলার কার্যক্রম আবার শুরু হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি মামলায় সাক্ষী করা হয়েছে ২৬৫ জনকে। এরমধ্যে ২০ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ দুটি মামলার বিচার শুরুর জন্য সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অভিযুক্ত ১১ আসমিকে বেলা ১১টার দিকে আদালতে হাজির করা হয়।
অস্ত্র ও চোরাচালান আইনে করা দুটি মামলায় মোট ৫২ জনকে আসামি করা হয়েছে সম্পূরক অভিযোগপত্রে। এর মধ্যে নিজামী, বাবর এবং সাবেক দুই গোয়েন্দা প্রধানসহ নতুন ১১ আসামির বিরুদ্ধে গত ১৫ নভেম্বর অভিযোগ গঠন হয়। ওই দিনই বিচারক ২৯ নভেম্বর থেকে সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে মামলা দুটি দায়ের করে।
ওই বছর ২৫ অগাস্ট এ মামলা দুটিতে অভিযোগপত্র দেন তৎকালীন তদন্ত কর্মকর্তা। ২০০৫ সালের ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ৬ জুলাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তখন অস্ত্র মামলায় ২১ এবং চোরাচালান মামলায় ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল।
কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার সময়ে এর তদন্ত ঠিকভাবে না হওয়ার অভিযোগ ওঠে। কয়েকবার তদন্ত কর্মকর্তা বদলের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী গত ২৬ জুন সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেন, যাতে নতুন ১১ জনের নাম আসামির তালিকায় আসে।
সম্পূরক অভিযোগপত্রভুক্ত নতুন আসামিরা হলেন- এনএসআইয়ের সাবেক প্রধান আবদুর রহিম ও রেজ্জাকুল হায়দার চৌধুরী, তৎকালীন মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সাবেক পরিচালক শাহাবুদ্দিন আহমেদ, সাবেক উপ-পরিচালক লিয়াকত হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার, সাবেক জিএম (প্রশাসন) কে এম এনামুল হক, সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন ও উলফা নেতা পরেশ বড়–য়া।
এদের মধ্যে শেষ দুজন পলাতক রয়েছেন।
এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে চার জন আসামি মারা গেলে তাদের নাম পরে মামলা থেকে বাদ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৭১৮ ঘ.
bdnews24