ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভায় নতুন দুজন যোগ্যতার বিচারেই স্থান পেয়েছেন বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর।
মন্ত্রিসভা স¤প্রসারণের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, “যোগ্য ব্যক্তিদেরই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।”
এতদিন কেন এই ‘যোগ্য’ ব্যক্তিদের মন্ত্রী করা হয়নি- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই প্রশ্নের জবাবে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করে নেবেন।”
শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রী হিসেবে সোমবার শপথ নেন দলের দুই পুরনো নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদের। এছাড়া পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
মন্ত্রিসভার অন্য সদস্যদের সম্পর্কে মূল্যায়ন জানতে চাইলে মহীউদ্দীন আলমগীর বলেন, যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা মানেই বাকি সদস্যরা অযোগ্য, এ রকম মনে করার কোনো কারণ নেই।
মন্ত্রী হওয়ার আলোচনায় থাকা এ সংসদ সদস্য মনে করেন, বর্তমান মন্ত্রিসভায় প্রয়োজনের অতিরিক্ত একজনও নেই।
মন্ত্রিসভার আকার আরো বাড়বে কি না- জানতে চাইলে ক্ষমতাসীন দলের নীতি-নির্ধারণী পর্যায়ের এ নেতা বলেন, “এ বিষয়ে প্রধানমন্ত্রী ভালো বলতে পারবেন।”
পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘জনতার প্রত্যাশা’ আয়োজিত এক আলোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে মহীউদ্দীন আলমগীরের কথা হয়।
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে খালেদা জিয়ার বক্তব্য ‘দুর্বিনীত এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেন তিনি।
মহীউদ্দীন খান আলমগীর বলেন, “আপনি বর্তমান সরকারকে দুর্নীতগ্রস্ত বলেছেন, কিন্তু বিগত জোট সরকার আমলে আপনার দুই পুত্র এবং মন্ত্রীরা যেভাবে লুটপাট করেছে, তা জনগণ ভোলেনি।”
সুন্দরবনের কাছে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিরোধীদলীয় নেতার আপত্তির জবাবে সাবেক সচিব বলেন, “দেশের মানুষের জীবনমান উন্নয়ন, উৎপাদনশীলতা বাড়াতে হলে বিদ্যুতের বিকল্প নেই। আপনি (খালেদা) কি চান না- উৎপাদন বাড়–ক, দেশের অর্থনীতির চাকা সচল হোক?”
“আসলে তিনি (খালেদা) ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন। তাই উল্টাপাল্টা যা খুশি তাই বলছেন,” বলেন আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/১৬২৫ ঘ.
bdnews24