ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নতুন তিন মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি এও বলেছেন, নতুন মন্ত্রী নিয়োগ করে এ সরকারকে বাঁচানো যাবে না।
মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “অবশেষে অভিজ্ঞ রাজনীতিবিদ বাবু সুরঞ্জিত মন্ত্রিত্ব পেয়েছেন। এজন্য আমি তাকে অভিনন্দন জানাই। দীর্ঘকাল কথা বলার পর ওবায়দুল কাদেরও মন্ত্রিত্ব পেয়েছেন। সেজন্য তাকেও অভিনন্দন।’’
তবে “মন্ত্রিসভায় নতুন মুখ অন্তর্ভুক্ত করে লাইফ সেভিং ওষুধ দিয়ে এই সরকারকে বাঁচানো যাবে না। সরকারের সময় শেষ হয়ে গেছে।”
সরকার গঠনের প্রায় তিন বছরের মাথায় সোমবার সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদেরকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদকেও পূর্ণ মন্ত্রী করা হয়।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান সোমবার রাতেই বঙ্গভবনে তাদের শপথ পড়ান।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত কয়েকদিন আগেই মন্ত্রিসভা ‘পুনর্মূল্যায়নের’ কথা বলেছিলেন। সরকারে পরিবর্তন আনার কথা কিছু দিন ধরে বলে আসছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরও। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে গত তিন বছরে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তারা।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “মন্ত্রিদের শপথের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুটি বোমা বন্ধ হয়েছে। এটা প্রধানমন্ত্রীর স্বভাবসুলভ বক্তব্য। তিনি যা কিছু দিতে চান না কেন, তাতে কাজ হবে না।”
আরেক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নাগরিক আন্দোলন (সিটিজেনস মুভমেন্ট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস-সিএমডিএইচ) নামে নতুন যে সংগঠন আত্মাপ্রকাশ করেছে তাদের আমরা স্বাগত জানাই।”
ব্যারিস্টার রফিক উল হককে আহ্বায়ক এবং মাহমুদুর রহমান মান্নাকে সদস্য সচিব করে সোমবার আত্মপ্রকাশ করে ‘গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নাগরিক আন্দোলন’।
“এই ধরনের সংগঠন গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি”, বলেন ফখরুল।
অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, রুহুল কবীর রিজভী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫০৪ ঘ.
bdnews24