কুমিল্লা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে চাইলে নির্বাচনী আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
সোমবার কুমিল্লায় এক আলোচনায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সমস্যা দেখানোর ‘চ্যালেঞ্জ’ও দেন।
কুমিল্লা জেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কুমিল্লার রির্টানিং অফিসারের হল রুমে এক মতবিনিময় সভায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।
নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা এই মতবিনিময় সভায় অংশ নিলেও বিএনপির কোনো নেতা উপস্থিত ছিলেন না।
ইভিএম বাতিল এবং সেনা মোতায়েনের দাবিতে দুপুরে কুমিল্লা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল করে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লায় ভোট হবে আগামী ৫ জানুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা জানিয়েছেন, এ নির্বাচনে সব ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে। তবে সেনা মোতায়েন করা হবে না।
এ দুটি বিষয়ে আপত্তি জানিয়ে গত ২২ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেয় বিএনপি। নির্বাচনে ইভিএম ব্যবহার এবং সেনা মোতায়েন না করার পক্ষে যুক্তি তুলে ধরে কমিশন এ চিঠির জবাব দেয় রোববার।
বিএনপির কুমিল্লার স্থানীয় নেতারা ইতিমধ্যে ইভিএম ব্যবহার এবং সেনা মোতায়েন না হলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
সাখাওয়াত সোমবার মত বিনিময়ে বলেন, “কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে কেউ অংশ নিতে না চায় তাহলে নেবে না। কিন্তু নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে চাইলে নির্বাচনী আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
কেউ নির্বাচন ‘নষ্ট’ করতে চাইলে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ব্যবস্থা নিতে বলেন তিনি।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার সেনা বাহিনী, প্রশাসন এবং নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, “দলের সমর্থন দেয়া না দেয়া নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না। ”
‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরিতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য বড় দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
গণমাধ্যমের সহযোগিতা কামনা করে সাখওয়াত বলেন, “আপনারা কাউকে দলের প্রার্থী উল্লেখ না করলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।”
এর আগে সকালে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন শাখাওয়াত।
সভায় তিনি বলেন, “আমরা কোনো বদনাম নিয়ে নির্বাচন কমিশন থেকে বিদায় নিতে চাই না। নির্বাচন পরিচালনা বিষয়ে কারো কোন অপারগতা থাকলে আগ থেকে সম্মানজনকভাবে সরে যান। এরপরও কোনো কথা উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/১৮২০ ঘ.
bdnews24