২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসি চেয়ারম্যান দলীয় লোক: ফখরুল

সরকারি কর্ম কমিশন- পিএসসির নতুন চেয়ারম্যান সরকারদলীয় লোক বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 09:50 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্ম কমিশন- পিএসসির নতুন চেয়ারম্যান সরকারদলীয় লোক বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেছেন, এ নিয়োগের মাধ্যমে সরকার ‘চূড়ান্ত দলীয়করণ’ করেছে। ফখরুল বলেন, “গতকাল পিএসসি চেয়ারম্যান শপথ নিয়েছেন। এর মাধ্যমে পিএসসির মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে সরকারের সর্বোচ্চ পর্যায়ের স্বজন ও দলীয় সমর্থকদের নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটিকে চূূড়ান্ত দলীয়করণ করা হয়েছে।” এ টি আহমেদুল হক চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার আগে পিএসসির সদস্য হিসেবে কাজ করছিলেন। ২০০৯ সালের ২৩ জুন পিএসসিতে যোগ দেওয়ার আগে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের (এআইজি) দায়িত্ব পালন করেন তিনি। ডা. শামসুল আলম মিলন স্মরণে সর্বদলীয় ছাত্র ঐক্য-৯০ নামে সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় দেশের রাজনৈতিক অবস্থা ও নির্বাচন কমিশন নিয়েও কথা বলেন ফখরুল। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার এবং সেনা মোতায়েন না করার সিদ্ধান্তে নির্বাচন কমিশনের সমালোচনা করেন তিনি। ফখরুল বলেন, “আমরা এ বিষয়ে চিঠি দিয়েছিলাম। কমিশন এর জবাব দিয়েছে। আমি এখনো চিঠি দেখিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম চালু থাকবে, সেনা মোতায়েন থাকবে না। তার অর্থ প্রভুরা চান না বলেই কমিশন এরকম কথা বলছেন।” দেশ গভীর সঙ্কটে পড়েছে দাবি করে বিএনপি নেতা বলেন, অর্থনীতি বিপর্যস্ত। তারল্য সঙ্কটের কারণে ব্যাংকগুলো তার কার্যক্রম চলতে পারবে কিনা- তা নিয়ে ব্যাংকার ও অর্থনীতিবিদরা শঙ্কা প্রকাশ করেছেন। “এ অবস্থা থেকে উত্তরণে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে,” বলেন তিনি। টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, “সরকারকে বলবো- এখনো সময় আছে, এই বাঁধ নির্মাণ বন্ধের উদ্যোগ নিন। নইলে বাঁধ নির্মাণ বন্ধ কীভাবে করতে হবে তা দেশের মানুষ জানে।” ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ’৯০ এর ছাত্রনেতা ফজলুল হক মিলন, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবীর খোকন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫৪২ ঘ.