ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নিজেকে কেন বিচারকাজ থেকে বিরত রাখেননি, তার ব্যাখ্যা চেয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর করা আবেদন খারিজ হয়ে গেছে।
সোমবার আদেশে ট্রাইব্যুনাল বলেছে, এ ধরনের আবেদন নজিরবিহীন, অবমাননাকর ও হাস্যকর।
নিজামুল হকের দায়িত্ব পালনের বৈধতা চেয়ে করা জামায়াত নেতা সাঈদীর আবেদন খারিজ হওয়ার পর তার দায়িত্ব পালনের ব্যাখ্যা চেয়ে এ আবেদনটি করা হয়।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচার দাবিতে দুই দশক আগে জাহানারা ইমামের নেতৃত্বে একটি তদন্ত কমিশনের সঙ্গে সম্পৃক্ত থাকায় নিজামুল হককে নিয়ে আপত্তি তোলে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাঈদী।
আগের আবেদনে ট্রাইব্যুনালের অন্য দুই বিচারক বিচারপতি এটিএম ফজলে কবির ও একেএম জহির আহমেদ বলেন, কোনো বিচারককে অব্যাহতি দেওয়ার এখতিয়ার তাদের নেই।
এরপর নিজামুল হক তার দায়িত্ব পালন অব্যাহত রাখলে সাঈদীর আইনজীবীরা নিজামুল হকের কাছে ব্যাখ্যা চেয়ে আবেদন করেন।
ট্রাইব্যুনাল বলে, সর্বোচ্চ আদালতের একজন বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনার জন্য নির্ভরযোগ্য প্রমাণের প্রয়োজন রয়েছে। সর্বোচ্চ আদালতের একজন বিচারপতিকে নিয়োগ দেওয়াটাই তার নিরপেক্ষতা সম্পর্কে নিশ্চয়তা দেয়।
ট্রাইব্যুনাল আরো বলে, একজন বিচারপতি শপথ নেওয়ার সঙ্গে বিচারে নিরপেক্ষতা বজায় রাখাটা তার পবিত্র দায়িত্ব হয়ে দাঁড়ায়। ‘পক্ষপাতিত্বের সম্ভাবনা’ বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়।
রায় ঘোষণার আগে সাঈদীর আবেদন ও এর পক্ষে-বিপক্ষে আইনজীবীদের বক্তব্য ও যুক্তি খণ্ডন করে দীর্ঘ বক্তব্য দেন নিজামুল হক।
বিচারপতি নিজামুল হক বলেন, নিছক সন্দেহ, ধারণা বা অনুমানের ওপর ভিত্তি করে এ ধরনের প্রশ্ন তোলা উচিত নয়। বাংলাদেশে বিচার বিভাগের দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাসে এরকম নজির নেই।
ট্রাইব্যুনাল প্রধানের অপসারণের পক্ষে ও বিপক্ষে যুক্তিতে তুলে ধরা বিভিন্ন আইনি লড়াইয়ের ঘটনার কয়েকটি উল্লেখ করে কেন সেগুলো এ আবেদনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাও ব্যাখ্যা করেন নিজামুল হক।
দুই দশক আগে গণতদন্ত কমিশনে বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য সংগ্রহের সময় নিজামুল হক নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে সাাক্ষ্যগ্রহণ করেন বলে অভিযোগ আনেন সাঈদীর আইনজীবীরা। এসব সাক্ষ্য গ্রহণের সময় ট্রাইব্যুনালের আরেক আইনজীবী জেয়াদ আল মালুমও তার সঙ্গে ছিলেন বলে তারা জানান।
বিচারপতি নিজামুল বলেন, এগুলো ভ্রান্ত অভিযোগ। এবং এসব নথিপত্র জনসমক্ষে প্রকাশ্য, তাই এ ধরনের তথ্য প্রকাশে কোনো আইনি বাধ্যবাধকতা নেই তার।
তিনি আরো বলেন, এসব তথ্য অভিযোগকারীর কাছেও ছিলো ফলে তারা বিচারকাজ শুরুর ঠিক আগের দিন অভিযোগ না তুলে আরো আগেই এ অভিযোগ তুলতে পারতেন। ফলে এ আবেদন আসলে বিচারকাজ বিলম্বিত করার কৌশল বলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যে মন্তব্য করেছেন, তার সঙ্গে একমত ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের নিরপেক্ষতার প্রমাণ হিসেবে সাঈদীর আবেদনটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা উল্লেখ করেন।
যুক্তিতর্কের শেষ পর্যায়ে ট্রাইবুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু এ আবেদনের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া আবেদন জানালে প্রধান বিচারক নিজামুল হক বলেন, আমরা দেখেছি এ আবেদনটি উদ্দেশ্যমূলক। এ ব্যাপারটি সে পর্যন্তই থাকুক।
এর পরপরই সাঈদীর আইনজীবীরা আদালত কক্ষ ছেড়ে যাওয়া উপক্রম করলে তিনি তাদের উদ্দেশে বলেন, “আপনারা কি আদালতের নিয়মাবলি ভুলে গেছেন? বিচারক এইমাত্র একটি আদেশ দিয়েছেন।”
এরপরে আসামিপক্ষের দুই আইনজীবী দ্রুত এগিয়ে এসে বিচারককে ধন্যবাদ জ্ঞাপন করেন। তবে সাঈদীর পক্ষে সচরাচর যুক্তিতর্ক করা তাজুল ইসলামসহ আসামিপক্ষের অন্যান্য জ্যেষ্ঠ্য আইনজীবী আদালতে অনুপস্থিত ছিলেন।
এদিকে সাঈদীর আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, “কোনো সন্দেহ বা ধারণা থেকে আবেদন করিনি। দেশ-বিদেশের নজির উপস্থাপন করেছি।”
যুদ্ধাপরাধ বিষয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্টিফেন জে র্যাপের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
রাজ্জাক আরো বলেন, “আমরা ন্যায়বিচার চাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। একটা জিনিসই চাই, ন্যায় বিচার।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/কিউএইচ/এমআই/১৭০৬ ঘ.
bdnews24