সুনামগঞ্জ, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে ১২ জন আহত হয়ছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করছে পুলিশ।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান, রোববার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দিবাজারে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রফিক আহমদ চৌধুরী (৫০), উপজেলা যুবলীগ নেতা খালেক আহমদ চৌধুরী (৩০), সালেক আহমদ চৌধুরী (৩৫) ও মাসুককে (৩২) সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রফিক আহমদ চৌধুরী এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কয়েস আহমদের সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলছে গত কিছুদিন ধরে। এর জেরে রোববার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বাঁধে। প্রায় আধাঘণ্টান সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়।
পরে পুলিশ ১০ জনকে আটক করে বলে জানান ওসি।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কয়েস আহমদ দাবি জানান, পুলিশ অন্যায়ভাবে তার সমর্থকদের আটক করে নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৮৪০ ঘ.
bdnews24