ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করতে স্থানীয় সরকার আইন সংশোধনের বিল সংসদে তোলার পাঁচ দিনের মাথায় সুপারিশ চূড়ান্ত করে প্রতিবেদন তৈরি করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সদস্য নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “রোববার এই প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে। বিলটি পাস হবে সংসদের চলতি অধিবেশনেই।”
প্রশাসক নিয়োগের বিধান রেখে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করতে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন)(সংশোধন) বিল, ২০১১’ গত ২৩ নভেম্বর জাতীয় সংসদে তোলা হয়। ওই দিন বিলটি পরীক্ষা নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেয় সংসদ।
ঢাকার ৯২টি ওয়ার্ডের মধ্যে ৫৬টি নিয়ে দক্ষিণে একটি এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে আরেকটি সিটি কর্পোরেশন গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে।
বিলটি সংসদে পাস হলে বর্তমান ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত হবে এবং পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সরকার দুই সিটি কর্পোরেশনের জন্য দুজন প্রশাসক নিয়োগ করতে পারবে।
এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সরকারের উদ্দেশ্যে বলেন, “ঢাকা সিটি কর্পোরেশনকে দ্বিখণ্ডিত না করে অবিলম্বে নির্বাচন দিন। আমি পরবর্তী নির্বাচনে প্রার্থী হব না।”
খোকার দল বিএনপি বলে আসছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের লোক বসাতে চায় বলেই দুটি সিটি কর্পোরেশন করছে।
তবে এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এক অনুষ্ঠানে বলেন, জনগণকে সেবা দেওয়ার স্বার্থেই সংসদে এ বিষয়ে বিল তোলা হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির ৪০তম বৈঠকে বিলটির বিষয়ে প্রতিবেদন চূড়ান্ত করা হয়। কমিটির সভাপতি মো. রহমত আলী চিকিৎসাধীন থাকায় নূর-ই-আলম চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে কমিটির সদস্য স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মো. আশরাফ আলী খান খসরু এবং মোস্তফা জালাল মহিউদ্দিন বৈঠকে অংশ নেন।
সংসদের চলতি অধিবেশন সোমবার সমাপ্ত হতে পারে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৭০৯ ঘ.
bdnews24